ভারতীয় রাষ্ট্রদূত পরিচয়পত্র দিয়েছেন
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সমস্যার সমাধান করা যেতে পারে। ঢাকায় নিযুক্ত ভারতের নতুন রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী মঙ্গলবার বঙ্গভবনে পরিচয়পত্র পেশের সময় রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।
ভারতীয় দূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। আর দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে শান্তি, উন্নয়ন ও অগ্রগতি সম্প্রসারণে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ।
এ প্রসঙ্গে তিনি বলেন, “ভৌগলিক নৈকট্যের কারণেই আমাদের একে অপরকে সহযোগিতা করা প্রয়োজন।”
ইয়াজউদ্দিন আহম্মেদ বলেন, বাংলাদেশ ও ভারতের সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন অঙ্গাঙ্গীভাবে জড়িত। তাই প্রতিবেশী দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা অপরিহার্য।
তিনি বলেন, “ব্যবসা ও বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে ব্যাপক সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশ তাদের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণে যথাযথ উদ্যোগ নেবে।”
দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি ভারতীয় রাষ্ট্রদূতকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ইয়াজউদ্দিন আহম্মেদ ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ও প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তার শুভেচ্ছা পৌছে দিতে পিনাক রঞ্জন চক্রবর্তীকে অনুরোধ জানান।
বাংলাদেশ-ভারত বিদ্যমান সম্পর্ককে অত্যন্ত চমৎকার অভিহিত করে পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন, “দুই দেশের জনগণের সরাসরি যোগাযোগের মাধ্যমে আগামী দিনগুলোতে তা আরো জোরদার হবে।”
তিনি জানান, প্রস্তাবিত টিপাইমুখ বাঁধ নির্মাণের বিষয়টি তার সরকারের কাছে তুলে ধরবেন।
এর আগে বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের (পিজিআর)একটি দল পিনাক রঞ্জনকে গার্ড অফ অনার দেয়। তিনি অভিবাদন গ্রহণ করেন এবং গার্ড পরিদর্শন করেন।
রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আমিনুল করিম, রাষ্ট্রপতির সচিব মো. সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেনসহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
