২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার জন্য দুই দলের সম্মতির অপেক্ষায় নির্বাচন কমিশন

বাইশ জানুয়ারির নির্বাচন আনুষ্ঠানিকভাবে ‘স্থগিত’ না ‘বাতিল’ ঘোষণা করা হবে সে প্রশ্নে আলোচনার জন্য প্রধান দুই রাজনৈতিক দলকে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশন এখন দলগুলোর সম্মতির অপেক্ষায় রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 05:58 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

কমিশনের কর্মকর্তারা ‘আজকালের’ মধ্যেই দলগুলোকে চিঠি দেওয়া হবে বললেও সেই চিঠি তিনদিনেও পাঠানো হয়নি।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “দুই রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার জন্য বিভিন্ন মাধ্যমে নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।”

কমিশনের সচিব আব্দুর রশীদ সরকার বলেছেন, দলগুলোকে ‘চিঠি’ দিয়ে ডাকার ব্যাপারে তারা কাজ করে যাচ্ছেন। 

এদিকে উপদেষ্টাদের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য অপেক্ষা করছেন কমিশনের কর্মকর্তারা। মাহফুজুর রহমান মঙ্গলবার এর ইঙ্গিত দিয়ে সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা শেষে যেমন বইপত্র গুছিয়ে রাখতে হয়, আমরাও তেমন প্রস্তুতি নিচ্ছি।”

কমিশন কবে নাগাদ আওয়ামী লীগ ও বিএনপিকে আলোচনায় ডাকছে-- এ প্রশ্নের জবাবে সোমবার ভারপ্রাপ্ত সিইসি সাংবাদিকদের বলেছিলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করছি; তাদেরও তো সম্মতি লাগবে। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে চিঠি দেওয়া হবে।”

এর আগে নির্বাচন কমিশন সচিব রোববার ‘আজকালের’ মধ্যেই রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য চিঠি দেওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন।

প্রসঙ্গত, ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর কমিশন ২২ জানুয়ারির নির্বাচন প্রক্রিয়া কার্যত স্থগিত করে। তবে প্রজ্ঞাপন দিয়ে তা আনুষ্ঠানিকভাবে স্থগিত বা বাতিলÑÑ কোনটিই করা হয়নি বলে কমিশনের কর্মকর্তারা জানান।

কমিশনের একটি সূত্রমতে, নির্বাচন বাতিল করা হলে খালেদা জিয়া, তারেক রহমান, সাইফুর রহমানসহ বিএনপি -- জামায়াতের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৭ জনের প্রার্থিতাও বাতিল হয়ে যাবে।

এরা  ছাড়াও  ২৮৩টি আসনের এক হাজার ৫৪৮ জন প্রার্থীর কাছ থেকে জামানতের জন্য জনপ্রতি যে ১০ হাজার টাকা নেওয়া হয়েছে, কমিশনকে তা -- ও ফেরত দিতে হবে।

এ সব উদ্যোগ নেওয়া হলে এর বিরুদ্ধে ওই সব প্রার্থীরা আইনগত ব্যবস্থা নিতে পারেন বলেও শঙ্কায় রয়েছেন কমিশনের কর্মকর্তারা।

সূত্র জানায়, ২২ জানুয়ারির নির্বাচন আনুষ্ঠানিকভাবে বাতিল করার জন্য আইনগত কী পদক্ষেপ নেওয়া যায় এখন তা খতিয়ে দেখছে কমিশন।