বিএনপি নেতাদের সঙ্গে স্পিকারের বৈঠক
স্পিকার জমির উদ্দিন সরকার সোমবার রাতে সংসদ ভবনে তার কার্যালয়ে বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন।
রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন এমন গুজবের মাঝে এ বৈঠক অনুষ্ঠিত হল। তবে বিএনপি নেতারা দাবি করেছেন ইয়াজউদ্দিনের বিষয়ে কোনও আলোচনা হয়নি।
ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেন, সাবেক হুইপ রেজাউল বারী ডিনা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে রাত পৌনে ৮টার দিকে স্পিকারের কার্যালয় ছেড়ে যাওয়ার সময় রেজাউল বারী ডিনা সাংবাদিকদের বলেন, “আমরা কেবল আড্ডা দিয়েছি। আপনারা যে বিষয়ে জানতে চাইছেন (রাষ্ট্রপতির পদত্যাগ) সেটি নিয়ে কোনও কথা হয়নি।”
এরপর সাংবাদিকরা জমির উদ্দিন সরকারের সঙ্গে কথা বলতে চাইলে স্পিকারের কার্যালয় থেকে জানানো হয়, “আপনারা যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ স্যার বের হবেন না।”
