আড়াই মাসে ১ লাখের বেশি গ্রেপ্তার, ৭৯৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
তত্ত্বাবধায়ক সরকারের আড়াই মাসে (২০০৬ সালের ৩০ অক্টোবর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত) সারাদেশে ৭৯৩টি আগ্নেয়াস্ত্র, চার হাজার ৬০ রাউন্ড গুলি ও এক হাজার ৮০১টি ডেটোনেটর উদ্ধার হয়েছে।
একই সময়ে দেশে বিভিন্ন অপরাধে প্রায় এক লাখ ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘন্টায় র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা সাতটি আগ্নেয়াস্ত্র ও ৭১ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্রে একথা জানা গেছে।
সূত্র জানায়, জোট সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও কোস্ট গার্ডসহ আইন-- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ১৯৩টি রিভলবার, ১৫২টি পাইপগান, ১২৬টি বন্দুক, ১২৫টি পিস্তল, ৭৭টি এলজি, ৯৬টি শাটারগান, ২১টি রাইফেল, দুটি এয়ারগান এবং একটি রকেট লঞ্চার রয়েছে।
এ ছাড়াও এসব অভিযানে ১৫৬টি ককটেল, ১২৬টি বোমা, ৭৯৫টি পটকা এবং দুটি গ্রেনেড উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে অস্ত্র আইনে ৭১০ জন ও ঘোষিত অপরাধী হিসেবে গ্রেপ্তার হয়েছে ৩১৭ জন।
এ ছাড়া সাজাপ্রাপ্ত এক হাজার ৩৮৮ জন, গ্রেপ্তারী পরোয়ানায় ৬০ হাজার ৫৫৩ জন এবং নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে ৩৭ হাজার ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সদস্য ও জনসংযোগ কর্মকর্তা শাহেনুর মিয়া জানান, দেশব্যাপী চলমান এ অভিযানে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার অব্যাহত রয়েছে।
