মৌলিক অধিকার বজায় রাখতে উপদেষ্টা পরিষদের নির্দেশনা
উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে জরুরি অবস্থার পরিপ্রেক্ষিতে জারি করা বিধিমালায় মৌলিক অধিকার যথাসম্ভব বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও রোববারের বৈঠকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বেশ কয়েকটি পদক্ষেপের বিষয়েও সেখানে আলোচনা করা হয়।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে বেলা আড়াইটায় প্রায় তিন ঘণ্টা স্থায়ী এ বৈঠক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন, জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে ভোটার পরিচয়পত্র তৈরি করা, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার ও ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে আলোচনা করা হয়। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্তও নেওয়া হয় সেখানে।
বৈঠকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি জনমনে আস্থা বাড়ানোর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। জরুরি অবস্থার প্রেক্ষিতে যে সব বিধিমালা জারি করা হবে সেখানে যাতে মৌলিক অধিকার যথাসম্ভব অক্ষুণœ থাকে সে জন্য বৈঠক থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।
উপদেষ্টারা সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে প্রতি সোমবার পরিষদের বৈঠক হবে। প্রয়োজনে তারা ঘন ঘন আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক বৈঠক করবেন।
