দুই দলকে আলোচনায় ডাকবে নির্বাচন কমিশন
সুষ্ঠু নির্বাচনের লক্ষে বড় দু’টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য শিগগিরই আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন।
নির্বাচনী পরিস্থিতি পর্যালোচনা করতে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান ও সচিব আব্দুর রশীদ সরকার রোববার দুপুরে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করেন।
এরপর কমিশন সচিবালয়ে ফিরে আব্দুর রশীদ সরকার বিকেলে সাংবাদিকদের বলেন, “এ অবস্থা অতিক্রম করে কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যায়, তা নিয়ে তাঁরাও (উপদেষ্টারা) চিন্তা করছেন, কমিশনও চিন্তা করছে।”
সচিব বলেন, “বিষয়টি সুরাহা করার লক্ষে সব রাজনৈতিক দল, বিশেষ করে বড় দু’টি রাজনৈতিক দলকে আলোচনার জন্য সহসাই আমন্ত্রন জানানো হবে।”
তিনি জানান, দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের সাক্ষতের সময় আইন উপদেষ্টা ব্যরিস্টার মইনুল হোসেনও উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ভারপ্রাপ্ত সিইসি তিন কমিশনার মাহমুদ হাসান মনসুর, মোদাব্বির হোসেন চৌধুরী ও মো. সাইফুল আলমকে নিয়ে কমিশন সচিবালয়ে সংক্ষিপ্ত বৈঠক করেন। নির্বাচন পরিস্থিতি পর্যালোচনার জন্য তারা সকালেও এক দফা বৈঠক করেন।
জরুরি অবস্থা জারি করার পর শুক্রবার থেকে কমিশন ২২ জানুয়ারির সমস্ত নির্বাচনী প্রক্রিয়া কার্যত স্থগিত করেছে।
নির্বাচন প্রক্রিয়া স্থগিত করার পর কমিশন সচিবালয়ের বিভিন্ন কক্ষের বাইরে ও বারান্দায় লাখ লাখ টাকার নির্বাচনী উপকরণ বাক্সবন্দী হয়ে পড়ে আছে। একইভাবে এখানে -- সেখানে স্তুপ হয়ে আছে গেজেট ও পরিপত্র। শুক্রবারেই জেলা ও উপজেলায় এ সব উপকরণ পাঠানোর কথা ছিল।
