সিপিবি কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ৩
পুলিশ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে বলে অভিযোগ করেছেন পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান।
বিকেলে মুক্তাঙ্গনে পার্টির জনসভা শেষে পুলিশ এই অভিযান চালায়।
আটককৃতরা হলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল আলম সজ্জন, সদস্য কল্লোল বনিক ও সাবেক সদস্য বিপ্ল¬ব সরকার। কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয় অভিযোগ করা হয়েছে।
একই সময়ে মুক্তাঙ্গনে আরও দুুটি বাম সংগঠন গণমুক্তি আন্দোলন ও পাঁচ বাম দল জনসভা করার চেষ্টা চালায়। কিন্তু পুলিশের বাধার মুখে তারা ব্যর্থ হয়।
১১ তারিখে দেশে জরুরী আইন জারি করার পর এটাই ছিলো প্রথম কোনো রাজনৈতিক দলের জনসভা।
পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা বলেছেন, তিন সিপিবি নেতাকে আটক করা হয়েছে। তবে তাদের গ্রেপ্তার দেখানো হয়নি।
তিনি আরও বলেন, জরুরী আইন জারি থাকায় সব ধরনের জনসভার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
তবে সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,“রাজনৈতিক সভা-সমাবেশ যে বেআইনী সে সম্পর্কে আমাদের কোনো ধারনাই ছিল না।”
পার্টি বলেছে, জরুরী আইন অমান্য না করার জন্য কর্তব্যরত পুলিশ কর্মকর্তার অনুরোধের পর সিপিবি সভাপতি ভাষণ বন্ধ করে মুক্তাঙ্গন ছেড়ে চলে যান।
পার্টির সভাপতি প্রশ্ন রাখেন,“পুলিশের অনুরোধে রাজনৈতিক কর্মসূচি বন্ধ করার পরও কেন আমাদের কার্যালয়ে অভিযান চালানো হলো?”
