নির্বাচন পর্যবেক্ষণ স্থগিত করেছে ইইউ
বাংলাদেশে গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচনের পরিবেশ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঢাকায় তাদের নির্বাচন পর্যবেক্ষণ স্থগিত করেছে। ইউরোপীয় কমিশন (ইসি)-এর বহিঃসম্পর্ক বিভাগের কমিশনার ড. ফেরেরো ওয়াল্ডনার ১০ জানুয়ারি এ সিদ্ধান্ত নেন। ইসির ব্রাসেলস সদর দপ্তর ও ঢাকা কার্যালয় থেকে বৃহষ্পতিবার একইসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ড. ফেরেরো তার বিবৃতিতে বলেন, “গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে যে ধরনের পরিবেশ বিরাজ করছে তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।”
তিনি বলেন, ইইউসহ অন্যান্য আর্ন্তজাতিক দাতা গোষ্ঠী বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটে এবং গণতন্ত্রের আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে এরকম একটি নির্বাচন করতে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানিয়েছে। এ লক্ষে দাতা গোষ্ঠী বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়।
ইসি সদর দপ্তরের এ কর্মকর্তা বলেন, নির্বাচন সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা গ্রহণযোগ্য ও অর্থপূর্ণ নির্বাচনের পূর্বশর্ত। যে পরিবেশ বর্তমানে বাংলাদেশে নেই। এরই পরিপ্রেক্ষিতে অনিচ্ছা সত্ত্বেও বাংলাদেশে ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ইসির রাষ্ট্রদূত ড. ষ্টিফেন ফ্রোয়েন বলেছেন বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঝে কোন সমঝোতা না হওয়ায় তিনি অত্যন্ত হতাশ হয়েছেন।
গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙ্খার প্রতি হুমকিস্বরূপ যা সংঘাত ও অনিশ্চয়তায় মদদ জোগাবে।
তিনি জানান পরিস্থিতির উন্নতি হলে ইইউ পুনরায় বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাতে তৈরি আছে।
তার পাশে বসা ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন(ইওএম)-এর উপ-প্রধান গ্রায়েম এলসন বলেন, নির্বাচনকে ঘিরে এখানে যে দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার ফলেই পর্যবেক্ষণ মিশন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি বলেন, যে নির্বাচন আর্ন্তজাতিক মানদণ্ডে বিশ্বাসযোগ্য হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তার সঙ্গে কাজ করা পর্যবেক্ষকদেরজন্য সমীচীন নয়।
কেন তারা কাজ গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জানতে চাইলে, ড. ফ্রোয়েন বলেন, নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত জাতিসংঘের ২০০৫ সালের ঘোষণা অনুসরণ করেই আর্ন্তজাতিক পর্যবেক্ষকরা কাজ করে। এর ব্যতিক্রম হলে নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়া যায় না।
এক প্রশ্নের জবাবে গ্রায়েম এলসন জানান আগামী দুয়েকদিনের মধ্যে ইওএম কর্মকর্তারা ঢাকা ছাড়ছেন।
