সবার অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা চান জোসেফ ক্রাউলি
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য জোসেফ ক্রাউলি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি নিউইয়র্কে এক বিবৃতিতে তিনি বলেন, “সব দলের অংশগ্রহণের উপযোগী নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের কাজ করা উচিত।”
জোসেফ ক্রাউলি আরও বলেন, “প্রধান দলগুলোর অংশগ্রহণ ছাড়া বিশ্বাসযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্য অর্জন দুর্ভাগ্যবশতই কঠিন হয়ে দাঁড়িয়েছে।”
বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা ও কো--চেয়ারম্যান ক্রাউলি বলেন, বাংলাদেশের জনগণ জটিলতা ছাড়াই নিজেদের এবং দেশের ভাগ্য নির্ধারণের সুযোগ পাওয়ার অধিকার রাখেন।
তিনি বলেন, সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠান ও সহিংসতা এড়াতে সব রাজনৈতিক দলের আলোচনা শুরু করা উচিত। তিনি যেকোনো ধরনের সংঘাত থেকে দূরে থাকার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
