২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট সমাধানে সহায়তা করতে চায় বৃটেন

রাজনৈতিক সংকট সমাধানে বাংলাদেশকে সহায়তা করতে চায় বৃটেন। বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশটি এও বলে দিয়েছে যে, প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বুধবার দুুপুরে লিবারেল ডেমোক্রেটিক পাটির্ (এলডিপি)-এর নেতাদের সঙ্গে আলোচনা শেষে বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী বলেন, বাংলাদেশ এমন একটা সময়ের দিকে এগুচ্ছে যা কেউ প্রত্যাশা করে না।

তিনি বেলা ১২ টায় এলডিপির বারিধারা কার্যালয়ে যান এবং একঘন্টা সেখানে অবস্থান করেন।

বাংলাদেশী বংশোদ্ভূত এ কূটনীতিক বলেন, “এদেশের বন্ধু হিসেবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন, উৎকন্ঠিত। কূটনৈতিক কার্যপরিধির ভেতরে থেকেই রাজনৈতিক সংকট উত্তরণে বাংলাদেশকে সহায়তা করতে চাই।”

এলডিপি সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বৃটিশ হাইকমিশনারকে বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে মহাজোটের দাবি মেনে নিয়ে তত্ত্ববধায়ক সরকার প্রধানের পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মদের সরে দাঁড়ানো উচিত।

তিনি বৃটিশ হাই কমিশনারকে জানান , তত্ত্ববধায়ক সরকারের পক্ষপাতদুষ্ট আচরণ দেশকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছে।

আলোচনার সময় এলডিপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য এম এ জিন্নাহ ও মাহী বি চৌধুরী।