২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সংঘাত বা হানাহানি হলে এর দায় নির্বাচন কমিশনের: সফিকুল হক চৌধুরী

২২ জানুয়ারির নির্বাচন করা নিয়ে সংঘাত হলে এর দায় তত্ত্বাবধায়ক সরকার না নির্বাচন কমিশন কার উপর বর্তাবে তাই নিয়ে এখন পরষ্পরবিরোধী বক্তব্য দিচ্ছে রাষ্ট্রের এ দুই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 05:23 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বুধবার দুপুরে সচিবালয়ে তার নিজ দপ্তরে সাংবাদিকদের সফিকুল হক চৌধুরী বলেছেন, ২২ জানুয়ারির নির্বাচনে সংঘাত বা হানাহানি হলে তার সম্পূর্ন দায়দায়িত্ব নির্বাচন কমিশনের, তত্ত্বাবধায়ক সরকারের নয়। এর আগে মঙ্গলবার নির্বাচন সংক্রান্ত সংঘাতের দায় শুধুই তত্ত্বাবধায়ক সরকারের বলে দাবি করেছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান।

মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমানের দেওয়া বক্তব্যের বিরোধিতা করে উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বলেন, “সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব কাঠামো নির্বাচন কমিশনের অধীনেই ন্যস্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশেই এই কাঠামোগুলো কাজ করবে। এ অবস্থায় নির্বাচনে সংঘাত বা হানাহানি হলে তার দায়দায়িত্ব কোন ভাবেই তত্ত্বাবধায়ক সরকারের উপর চাপানোর সুযোগ নেই।”

সংবিধানের উদাহরণ টেনে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “প্রয়োজনে আপনারা সংবিধান দেখেন।”

নির্বাচনের আইনগত বাধা প্রশাসনিক আদেশ দিয়ে অতিক্রম করা যায় না বলেও জানান উপদেষ্টা সফিকুল। তিনি বলেন, এই বাধা অতিক্রম করার জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকেই বসতে হবে।

আওয়ামী লীগ সমন্বয়ক আব্দুল জলিলের সঙ্গে মঙ্গলবার তিন উপদেষ্টার সাক্ষাতের বিষয়ে সফিকুল হক চৌধুরী বলেন, দুই দলকে একসঙ্গে বসার জন্য আমরা তাকে অনুরোধ জানিয়েছি। তিনি বলেছেন, মহাজোট নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আমাদের জানাবেন।

দুই দল একসঙ্গে বসলে স্থায়ী একটা সমাধান আসবে বলে মনে করেন উপদেষ্টা সফিকুল হক চৌধুরী। তবে তিনি এও বলেছেন, এটা সময়ের ব্যাপার। সমাধানে দুই মাস সময়ও লাগতে পারে। আলোচনায় বসে রাজনৈতিক দলগুলো মতৈক্যে পৌঁছালে ২২ জানুয়ারির নির্বাচন স্থগিত রাখা সম্ভব বলে জানান সফিকুল হক।

সফিকুল হক বলেন, বিভিন্ন কূটনীতিক, দাতাগোষ্ঠি এবং সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, সব দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে। এ অবস্থায় সব দলের একসঙ্গে বসে সমাধান করা ছাড়া আর কোনো উপায় নেই।