সংকট নিরসনে উপদেষ্টাদের তৎপরতা
রাজনৈতিক সংকট নিরসনে মঙ্গলবার দিনভর উপদেষ্টারা তৎপর থাকলেও সন্ধ্যা পর্যন্ত সমাধানের পথে কোনো কথা বলতে পারেননি কেউ।
মহাজোটের ডাকা টানা অবরোধে তৃতীয় দিনে সমঝোতার একটা উপায় খুঁজতেই মঙ্গলবার দুপুরে আইন মন্ত্রণালয়ে উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের কক্ষে ছয় উপদেষ্টা আকস্মিক বৈঠক করেন বলে বৈঠকের একটি সূত্র সাংবাদিকদের জানায়।
বিকেল পৌনে চারটায় উপদেষ্টা সফিকুল হক চৌধুরী, এম আজিজুল হক ও ড. শোয়েব আহমেদ ওই বৈঠক থেকে বের হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বাসায় যান। অবশ্য ঘন্টাব্যাপী এ বৈঠক শেষে সবাই বলেন, সৌজন্য সাক্ষাৎ করতেই তারা সেখানে গেছেন।
ওই তিন উপদেষ্টা ছাড়াও দুপুর ২টায় শুরু হওয়া উপদেষ্টাদের অনির্ধারিত ওই বৈঠকে বিচারপতি ফজলুল হক, মাহবুবুল আলম ও রুহুল আলম চৌধুরী ছিলেন।
প্রায় দুই ঘণ্টার এই বৈঠক শেষে আইন উপদেষ্টা ফজলুল হক সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে সাংবিধানিক বাধ্যবাধকতার বাইরে নির্বাচন পেছানো সম্ভব।
তিনি বলেন, “দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছালে সাংবিধানিক বাধা থাকে না।”
আরেক উপদেষ্টা রুহুল আলম চৌধুরী বলেন, “আজকের (মঙ্গলবার) মধ্যেই সব সমস্যার সমাধান হবে বলে আশা করছি।”
তিনি বলেন, “বর্তমান সমস্যা পুরোপুরি রাজনৈতিক। এক্ষেত্রে সিদ্ধান্তও তাই রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে।”
বৈঠকে অর্থনীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দাতাগোষ্ঠী -এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে বলে তিনি জানান।
উপদেষ্টাদের এ প্রচেষ্টায় চারদলীয় জোটেরও সায় আছে বলে জানা গেছে কৃষি উপদেষ্টা সফিকুল হক চৌধুরীর কথায়। এছাড়া প্রধান উপদেষ্টাও নতুন উদ্যোগকে সমর্থন রয়েছে বলে জানান আরেক উপদেষ্টা রুহুল আলম চৌধুরী।
দুপুর দেড়টার দিকে কৃষি উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বলেন, রাজনৈতিক সংকট নিরসনে উপদেষ্টাদের নেওয়া নতুন উদ্যোগে চারদলীয় জোট সম্মতি দিলেই তারা মহাজোটের সঙ্গে আলোচনায় বসা হবে।
