২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চন্দনাইশে ডাকাতের গুলিতে ৩ পুলিশ আহত

ডাকাতের গুলিতে জেলার চন্দনাইশ থানার দোহাজারী পুলিশ ফাঁড়ির তিন পুলিশ কনস্টেবল মঙ্গলবার ভোররাতে আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 06:42 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা দোহাজারী ইউনিয়নের নাথপাড়া গ্রামে পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি চালালে তারা গুলিবিদ্ধ হন। আহত তিন পুলিশ কনস্টেবল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুলিবিদ্ধ তিন পুলিশ কনস্টেবল হলেন- হুমায়ূন কবির (৪৫), জয়নাল আবেদিন (৪০) ও রওশন আহমদ (৪২)। তারা চন্দনাইশ থানাধীন দোহাজারী পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত ছিলেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, ডাকাতির খবর পেয়ে দোহাজারী পুলিশ ফাঁড়ির একটি দল এসআই শফিকুর রহমানের নেতৃত্বে নাথপাড়া গ্রামের দিকে যাওয়ার সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে পুলিশের এ তিন সদস্য গুলিবিদ্ধ হয়।

জেলা পুলিশ সুপার ওমর ফারুক জানান, “পুলিশ সদস্যদের পায়ে ছররা গুলি লেগেছে। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়। এ পর্যন্ত ডাকাতদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে শিগগিরই অভিযান চালানো হবে।”

জানা যায়, ২০ থেকে ২৫ সদস্যের সশস্ত্র ডাকাত দল সোমবার রাত আড়াইটা থেকে তিনটা পর্যন্ত নাথ পাড়ার আহমদ হোসেন, বাদশা মিয়া, বজল আহমদসহ বেশ কয়েকজনের বাড়িতে ডাকাতি করে। ডাকাতরা নগদ টাকাসহ প্রায় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ডাকাতি শেষে পালানোর সময় তারা পুলিশের মুখোমুখি হলে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে চন্দনাইশ থানায় মামলা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।