চাঁদপুরে পুলিশ-অবরোধকারীদের সংঘর্ষে আহত ১০
অবরোধের তৃতীয় দিনে মঙ্গলবার সকালে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়ায় অবরোধকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া--পাল্টা ধাওয়া হয়েছে।
সংঘর্ষে পুলিশের ছোঁড়া রাবার বুলেট ও অবরোধকারীদের ইট--পাটকেলের আঘাতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় মমিন মেম্বার (৩৫) ও ইউনুছ (২০) নামের দু’জন রাবার বুলেটে গুরুতর আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁদপুর-- রায়পুর সড়কের গৃদকালিন্দিয়া নামক স্থানে অবরোধকারীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে মিছিল সমাবেশ করার সময় দায়িত্বরত পুলিশের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট--পাটকেল ছুঁড়তে শুরু করে। পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এদিকে পুলিশি হামলার প্রতিবাদে স্থানীয় মহাজোট নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে একটি বিক্ষোভ মিছিল বের করে।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল আহমেদ চৌধুরী বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সকাল ১০টার দিকে চাঁদুপর শহরেও ভাংচুর করছে অবরোধকারীরা।
সকাল পৌনে ৯টায় চট্টগ্রাম থেকে আসা ঈদস্পেশাল ট্রেনটি কালিবাড়ি কোর্টস্টেশনে এলে অবরোধকারীরা ট্রেনের চালক তোফাজ্জল হোসেনকে ইঞ্জিন থেকে নামিয়ে শহরের প্রেসক্লাব সড়কে অবস্থিত অতিথি নামের একটি আবাসিক হোটেলের বাথরুমে নিয়ে আটকে রাখে। প্রায় আধ ঘন্টা খোঁজাখুঁজির পর পুলিশ তাকে হোটেলের বাথরুম থেকে উদ্ধার করে। এরপর ট্রেনটি বড়স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
চাঁদপুর সদর থানার এসআই ইউসুফ জানান, খবর পেয়ে তারা টয়লেট থেকে ট্রেন চালক তোফাজ্জলকে উদ্ধার করেছেন।
চাঁদপুর রেলওয়ের স্টেশন মাস্টার কাশেম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
