২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের ২য় দিনে রাজধানীতে সংঘর্ষে আহত ১৫০, গ্রেপ্তার শতাধিক

আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের ডাকা টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে সোমবার রাধানীর মালিবাগ, চকবাজার, নয়াবাজার, কদমতলি, বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর ও রাসেল স্কোয়ার, পুলিশের সঙ্গে বিচ্ছিন্নভাবে দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ অন্তত দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। এসময় ওইসব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ  শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কৈলাস সরকার ও রফিক জামান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 06:20 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

চকবাজারে সংঘর্ষ চলাকালে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেলের পাশাপাশি শতাধিক হাতবোমা ও ককটেল নিক্ষেপ করে। বিভিন্ন জায়গায় কমপক্ষে ১০ টি যানবাহন ভাংচুর করা হয়।

পাল্টা জবাবে পুলিশ বেধড়ক লাঠিচার্জের পাশাপাশি কয়েক শ রাউন্ড টিয়ার সেল ও শর্টগানের গুলি ছোঁড়ে।

অবরোধ মোকাবেলায় সারাদেশে মোতায়েন রয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাড়ে ১৭ হাজার সদস্য। রাজধানী ঢাকায় সাড়ে তিন হাজার সেনা সদস্য ছাড়াও ঢাকার বাইরে থেকে আনা হয়েছে চার হাজারেরও বেশি পুলিশ।

এরা সহায়তা করছে মোতায়েন কয়েক হাজার বিডিআর, র‌্যাব, দাঙ্গা পুলিশ ও নিয়মিত পুলিশকে।

এ ছাড়া অবরোধের কারণে ঢাকার কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং গাবতলী, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কোন দূরপাল্লার ট্রেন, বাস বা লঞ্চ ছেড়ে যায়নি। তেমনি ঢাকার বাইরে থেকেও কোন ট্রেন, বাস বা লঞ্চ এসে ঢাকায় পৌঁছায়নি।

ঈদের ছুটি, শ্রমিকদের কর্মবিরতি ও অবরোধের কারণে ১০ দিন ধরে চট্টগ্রাম বন্দরে নিয়মিত কোনো কাজ না হওয়ায় কন্টেইনার জট চরম আকার ধারণ করেছে।

খুলনা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালীসহ বিভিন্ন স্থান থেকে হামলা ও সংঘর্ষের খবর পাওয়া গেছে।

বেলা সাড়ে ১১ টার দিকে মালিবাগে হোসাফ শপিং কমপ্লেক্সের সামনে অবরোধকারীদের সমাবেশে বাধা দিলে ও লাঠিচার্জ করলে পুলিশের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশের লাঠিচার্জের জবাবে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইট--পাটকেল ছুঁড়তে থাকে। 

প্রায় দেড় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়লে অন্তত ৩০ জন আহত হয়। এসময় পুলিশ পথচারীসহ কমপক্ষে ৪০জনকে ভ্যানে তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে মালিবাগ, মৌচাক ও এর পার্শ্ববর্তী প্রতিটি গলিতে। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করা হয়। গুলি, টিয়ার গ্যাস আর ধোঁয়ায় সমগ্র এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। রাস্তায় জমা হয় ইটের স্তুপ।

পুলিশ জানায়, সংঘর্ষের এক পর্যায়ে তাদের টিয়ার সেল ও রাবার বুলেট ফুরিয়ে যায়।

সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তাহের নফহবংি২৪.পড়স কে জানান, এই মুহূর্তে সঠিক সংখ্যা বলা যাবে না। তবে সব মিলিয়ে ২০০ রাউন্ড হবে।

চকবাজারে সংঘর্ষ শুরু হয় বেলা পৌনে ১২ টার দিকে হাজি সেলিমের একটি মিছিলে বাধা ও লাঠি চার্জ করার পর। শাহী মসজিদের সামনে থেকে শুরু এ সংঘর্ষ ওই এলাকার সবগুলো অলিগলিতে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইট--পাটকেলের পাশাপাশি কমপক্ষে ৩০০ হাতবোমা ও ককটেল নিক্ষেপ করা হয়। এসময় আহত হয় কমপক্ষে ৫০ জন এবং গ্রেপ্তার করা হয় ৩০ থেকে ৩৫ জনকে। তারপরও পরিস্থিতি ছিল পুলিশের নিয়ন্ত্রণের বাইরে।

সাড়ে তিন ঘন্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশ কমপক্ষে ২০০ রাউন্ড টিয়ার গ্যাস এবং দেড় শতাধিক রাউন্ড রাবার বুলেট ও শর্টগানের গুলি ছোড়ে। এখানেও এক পর্যায়ে পুলিশের গোলাবারুদ ফুরিয়ে গেলে চীন থেকে আমদানী করা ‘গ্রেনেড টিয়ারগ্যাস’ নিক্ষেপ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের প্রতিটি গলিতে। সমগ্র এলাকা পরিণত হয় রণক্ষেত্রে।

কোতয়ালি জোনের সহকারি পুলিশ কমিশনার মোহাম্মদ কুদ্দুস নফহবংি২৪.পড়স কে জানান, আগে ব্যবহৃত টিয়ার সেলের কার্যকারিতা খুব কম থাকায় নতুন এই টিয়ার সেল সরবরাহ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “কি পরিমাণ গুলি ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয়েছে তা এখনও বলা যাবে না। তবে বলতে পারি, এ সংখ্যা অগণিত।”

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয় সকাল পৌনে ১০ টার দিকে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের দুই দফা ধাওয়া -- পাল্টা ধাওয়া হয়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করে এবং ১০/১২ টি টিয়ার গ্যাস নিক্ষেপ করে। জাতীয় শ্রমিক লীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুলিশের লাঠিপেটায় ২৭ জন আহত হয়েছে।

সকাল থেকেই কয়েক হাজার পুলিশ, বিডিআর সেনাবাহিনীর সদস্য আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় কাউকে সেখানে ঢুকতে বা সেখান থেকে বের হতে দেওয়া হয়নি। সকাল ৯ টা ৪০ মিনিটে ছাত্রলীগের কর্মীরা ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-- পাল্টা ধাওয়া চলতে থাকে। পুলিশ এসময় ব্যাপক লাঠিচার্জ করে এবং ১০/১২ টি কাঁদানে গ্যাস ছুঁড়ে।

এরপর সোয়া ১০টার দিকে স্বেচ্ছাসেবক লীগ আরেকটি মিছিল নিয়ে এলে শুরু হয় আরেক দফা সংঘর্ষ। এ সংঘর্ষ চলে  প্রায় ৪০ মিনিট। দুটি ঘটনায় পুলিশ কমপক্ষে ২০ জনকে গ্রেপ্তার করে।

বেলা ১১ টায় রাসেল স্কয়ারে মোহাম্মদ নাসিমের নেতৃত্বে একটি মিছিল বের হলে পুলিশ লাঠিচার্জ করে। এসময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের থেমে থেমে সংঘর্ষ হয়। 

এ ছাড়াও মিরপুর ১০ নম্বর ও দুই নম্বর সেকশনে মহাজোটের নেতা-- কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় অবরোধকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে।

পুরান ঢাকার নয়াবাজার ও কদমতলিতেও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে অবরোধকারীরা। সেখানেও পুলিশ লাঠিচার্জ করে ও কমপক্ষে ২০ রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

রোববারের মতো সোমবারও রাজধানীসহ সারাদেশের জল, স্থল ও পানিপথের সকল যানবাহন চলাচল বন্ধ ছিল। দিনের প্রথমভাগে সামান্য কিছু বাস চলাচল শুরু হলেও সংঘর্ষের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা কমে যায়।

পাশাপাশি সকল দোকানপাট, হাট--বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। রাস্তাঘাটে লোকজনের স্বাভাবিক চলাচলও ব্যাহত হয়।

অবরোধের দ্বিতীয় দিন শেষে সন্ধ্যা ৬ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল থেকে অল্পসংখ্যক বাস ছাড়লেও তাতে যাত্রীর সংখ্যা ছিলো খুব কম। গাবতলী থেকে ঈশ্বরদী এক্সপ্রেস বাসের টিকেট বিক্রি করা হলেও কেউ বলতে পারছে না কখন তা ছেড়ে যাবে।

এদিকে সন্ধ্যার পরে কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট নৌ টার্মিনালে খবর নিয়ে জানা গেছে, এখান থেকে কোনো ট্রেন বা লঞ্চ ছাড়েনি। দিন-- রাত জমজমাট থাকা দেশের বৃহত্তম কমলাপুর  রেলওয়ে স্টেশন ছিল জনশূন্য। দুই একটি ট্রেন চলাচল করতে দেখা গেলেও সেগুলো ছিল যাত্রীশূন্য।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার অশোক কুমার দেবনাথ নফহবংি২৪.পড়স কে জানান, অবরোধের কারণে সোমবার ট্রেন যোগাযোগ ব্যবস্থা বিঘিœত হয়েছে। কিছু কিছু ট্রেন ঢাকা ছেড়ে যেতে পারেনি, একই কারণে বেশ কিছু ট্রেন ঢাকায় পৌছাতে পারেনি।

এ ছাড়া, শেরপুর ও জামালপুরসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় ট্রেন চলাচলে বাধা দেওয়ার কারণে সেগুলো মাঝপথে থেমে থাকে।

রেলওয়ের কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে যে, ঢাকা-- নারায়ণগঞ্জের কোন ট্রেন দিনের বেলায় চলাচল করেনি। তবে সন্ধ্যার পর থেকে চলাচল শুরু হয়েছে।

একই কারণে দেশের বৃহত্তম সদরঘাট লঞ্চ টার্মিনাল ছিল জনশূন্য। দিনের বেলায় কোন লঞ্চ টার্মিনাল ছেড়ে যায়নি এবং টার্মিনালেও পৌঁছায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন যাত্রী পরিবহন সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল নফহবংি২৪.পড়স কে বলেছেন, “অবরোধের কারণে যাত্রীরা অনাগ্রহী ছিল। তাছাড়া কুয়াশার কারণে লঞ্চ চলাচল করতে পারেনি।”

তিনি অবশ্য বলেন, “যে সব লঞ্চ সকালে পৌঁছানোর কথা সেগুলো সন্ধ্যায় পৌঁছেছে। একইভাবে যেসব লঞ্চ সন্ধ্যায় টার্মিনাল ছেড়ে যাওয়ার কথা সেগুলো ভোরে ছেড়ে যায়।”

রাজধানীর তিনটি আন্তঃজেলা বাস টার্মিনালই ছিল বন্ধ। সারা দিনে দূর পাল্লার কোন বাস ঢাকায় আসেনি এবং ঢাকা ছেড়ে যায়নি।

বাংলাদেশ পরিবহন সংস্থার নির্বাহী সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান খান বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে পরিবহন মালিক ও শ্রমিকদের অবশ্যই সমর্থন রয়েছে।”

খুলনা প্রতিনিধি জানিয়েছেন, সকালে খুলনা রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া, পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও লাঠিচার্জের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। জিআরপি পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিক লীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার প্রতিবাদে বেলা ১১টায় মাহজোট নগরীর হাদিস পার্কের সামনে এক প্রতিবাদ সামবেশ করে। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ আবদুল খালেক। বক্তব্য রাখেন জাপা নেতা আলহাজ শেখ আবুল হোসেন, আবদুল গাফফার বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির নেতা হাফিজুর রহমান ভূঁইয়া, আজিজুর রহমান আজিজ প্রমুখ।

এদিকে দাকোপ উপজেলার বিভিন্ন স্থানে মহাজোটের বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ারে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, সোমবার মহাজোটের অবরোধের দ্বিতীয় দিনেও বন্দর থেকে পণ্য সরবরাহ নেননি আমদানিকারকেরা। তবে ভেতরে জাহাজ থেকে মালামাল ওঠানামার কাজ চলছে।

সাড়ে ১৪ হাজার টিইইউ এর ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে ইয়ার্ডগুলোতে ২১ হাজার টিইইউ কন্টেইনার জমা হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, পটুয়াখালী--কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় প্রায় ১০টি টেম্পো ভাংচুর করেছে অবরোধ সমর্থকরা। এ সময় টেম্পো চালকসহ ১০ জন আহত হয়। জেলার সঙ্গে রাজধানীসহ ৩৫টি রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

সকাল ৯টা থেকে যুবলীগ ও জাতীয় পার্টির নেতা কর্মীরা স্থানীয় চৌমাথায় পটুয়াখালী--বরিশাল মহাসড়ক অবরোধ করে মিছিল সমাবেশ করে। জেলা যুবলীগ সভাপতি আহসান হাবীব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি গোলাম মোস্তফা তালুকদারসহ মহাজোটের নেতৃবৃন্দ।

অপর দিকে সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে লঞ্চ টার্মিনাল চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, টানা ১৩ দিনের ধর্মঘটে অচল হয়ে পড়েছে সোনা মসজিদ স্থলবন্দরের সব কার্যক্রম।

চাঁদপুরে সকাল পৌনে আটটার দিকে লাকসামগামী যাত্রীবাহী ১৭১ নম্বর ট্রেনটির ওপর অবরোধকারীরা ইট--পাটকেল নিক্ষেপ করে। এতে ট্রেনটির সামনের কাঁচ ভেঙে যায়। তবে কেউ হতাহত হয়নি।