২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে সারাদেশে অবরোধ

মহাজোটের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, ধাওয়া-- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অবরোধকারীরা সড়ক, রেল ও নৌপথে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে। ঢাকার সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

খুলনা: অচল হয়ে পড়েছে গোটা খুলনা। অবরোধ চলাকালে সকালে সৈয়দপুর থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী ট্রেনের প্রায় অর্ধশতাধিক গ্লাস ভাংচুর করে অবরোধকারীরা।

এ সময় পুলিশ লাঠি চার্জ করলে তিনজন আহত হয়। অবরোধ চলাকালে নগরীর নয়টি এবং জেলার ২০টি স্থানে মহাজোটের নেতা কর্মীরা সমাবেশ ও খন্ড খন্ড মিছিল করে।

অবরোধের প্রথমদিনে নগরীর সকল ব্যাংক বীমা ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়। দোকান পাটও ছিল বন্ধ। ভারী কোন যানবাহন চলাচল করেনি। মহা ঐক্যজোটের নেতারা সকাল থেকে নগরীর শহীদ পার্কের সামনে সমাবেশ করে।

এ ছাড়া ফুলবাড়ী গেট, নতুন রাস্তা মোড়, জোড়াগেট, রেল ষ্টেশন, রূপসা স্ট্যান্ড রোড, খালিশপুর ও সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকার নেতা কর্মীরা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে।

জিআরপি (রেল পুলিশ) সূত্রে জানা যায়, ভোর ছয়টায় খুলনা রেল স্টেশন থেকে চারটি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল সাড়ে ৯টায় সৈয়দপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রেন নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে পৌঁছালে অবরোধকারীরা ট্রেনটির গতিরোধ করে।

এ সময় অবরোধকারীরা ট্রেনের জানালার ৫০টি গ্লাস ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে তিনজন আহত হয়। পরে পুলিশের সহায়তায় ট্রেনটি খুলনা স্টেশনে পৌঁছায়।

রাত ৭টায় জেলার রূপসা উপজেলার কুদির বটতলা নামক স্থানে ১০টি গাড়ী ভাংচুর করেছে।

এ সময় পরিবহন শ্রমিক ও অবরোধ সমর্থকদের মথ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এক পর্যায়ে পুলিশের গাড়ী ওই এলাকা অতিক্রম করার পর অবরোধ সমর্থকরা ছয়টি বাস, দুটি ট্রাক ও দুটি টেম্পো ভাংচুর করে।

তখন পরিবহন শ্রমিক ও অবরোধ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

গাজীপুর:  গাজীপুর ও টঙ্গীতে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর, ট্যাক্সি ও সিএনজিতে আগুন এবং পুলিশ ও র‌্যাবের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।

অবরোধের প্রথম দিন ভোর থেকেই গাজীপুর ও টঙ্গীতে মহাজোটের কর্মী সমর্থকরা রাজপথ দখল করে বিক্ষোভ মিছিল করে। গাজীপুরে পৌর চেয়ারম্যান আকম মোজাম্মেল হক ও টঙ্গীতে জাহিদ আহসান রাসেল মিছিলে নেতৃত্ব দেন। সকাল সাড়ে ১০ টায় টঙ্গীতে মহাজোটের মিছিল থেকে ঢাকা-- ময়মনসিংহ মহাসড়কে ছালছাবিল পরিবহনের একটি মিনিবাস (ঢাকা মেট্রো জ-১১ -১৬১৮), সাপ্তাহিক এশিয়া বার্তার স্টিকার লাগানো প্রাইভেট কার (ঢাকা মেট্রো-১১-০৪৫০) তুরাগ পরিবহনের একটি মিনিবাস (ঢাকা মেট্রো-হা-১৪-৩৫১২) ও কালীগঞ্জ পরিবহনের মিনিবাসে ভাংচুর করা হয়।

সাড়ে ১১টায় টঙ্গী বাটা গেইটের সামনে পিকেটাররা একটি সিএনজিতে আগুন দিলে র‌্যাবের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

এ সময় র‌্যাব মুক্তার হোসেন (২৭) ও মামুন (২৫) নামে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। দুপুর সাড়ে ১২টায় টঙ্গী নতুন বাজারে বিক্ষোভকারীরা একটি সিএনজি ক্যাবে (ঢাকা-- মেট্রো-- প-- ১৪-- ২০০৩) আগুন লাগিয়ে দিলে তা সম্পূর্ণ ভস্মীভূত হয়।

এ সময় পার্শ্ববর্তী আওয়ামী লীগ কার্যালয়ের সামনে চলা সমাবেশের কাছে দুটি ককটেল বিস্ফোরন হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ছাড়া চান্দনা চৌরাস্তা বোর্ড বাজার ও বড়বাড়ি এলাকায় পিকেটাররা বিচ্ছিন্নভাবে বেশ কয়েকটি টেম্পো ভাংচুর করে।

অবরোধ চলাকালীন জেলার মহাসড়ক ও সড়কগুলোতে সেনা ও র‌্যাবের টহল ছিল উল্লেখ করার মত। গাজীপুর, টঙ্গী ও অন্যান্য রেলস্টেশনগুলোতে বিডিআরের কড়া নজরদারি ছিল। ফলে ট্রেন চলাচল সচল থাকলেও অবরোধের কারণে প্রায় প্রত্যেকটি ট্রেনই ছাড়তে দেরি হয়।

ব্রাহ্মণবাড়িয়া: মহাজোট নেতা-- কর্মীরা সকালে শহরের পইরতলা রেল ক্রসিং এলাকায় রেলপথ অবরোধ করে। এ সময় আন্তঃনগর মহানগর প্রভাতী, সুবর্ণ এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস, পারাবাত এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।

পুলিশ ও বিডিআরের সহায়তায় প্রশাসন ট্রেন চালানোর উদ্যোগ নিলে অবরোধকারীরা পারাবাত এক্সপ্রেস ভাংচুর করে। আখউড়া জংশন স্টেশনে তারা রেলপথের উপর লোহার পাত, পাথর ও গাছপালা ফেলে অবরোধ সৃষ্টি করে।

এদিকে, ঢাকা-- সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড়ে অবরোধের কারণে ঢাকার সঙ্গে বৃহত্তর সিলেট, কুমিল্লা ও ব্রাক্ষণবাড়িয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শহরে সেনা, পুলিশ, বিডিআর সদস্যরা টহল দিচ্ছে।

আখাউড়া স্থল বন্দরে আমদানি-- রপ্তানি বন্ধ রয়েছে। আশুগঞ্জ নৌ--বন্দর থেকে কোন নৌযানও ছেড়ে যায়নি।

চট্টগ্রাম: বন্দরের নিমতলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে অবরোধ কর্মসূচি পালন শুরু করে মহাজোট নেতা-- কর্মীরা। সকাল ১১টা পর্যন্ত সমাবেশের তিনটি স্থান পুলিশ ও র‌্যাব ঘিরে রাখে। একপর্যায়ে সেখানে কিছুটা উত্তেজনা দেখা দিলেও অপ্রীতিকর কিছু ঘটেনি।

বন্দরের অভ্যন্তরীণ পরিস্থিতি ছিলো স্বাভাবিক। তবে বন্দরের বাইরে কোনও কার্গো বের করা হয়নি। নগরীতে কিছু সংখ্যক গাড়ি চললেও দূরপাল্লার বাস চলাচল করেনি।

সিলেট: নগরীর বাইপাস, কোর্ট পয়েন্ট, কদমতলি ও কুমারগাঁওয়ে মহাজোটের নেতাকর্মীরা অবস্থান নেন।  সকাল ৯টায় হুমায়ুন রশিদ চত্বর থেকে মিছিল করে বেলা ১০ টায় দক্ষিণ সুরমা রেল স্টেশন এলাকায় তার অবরোধ গড়ে তুলেন। সাড়ে ১০টায় স্থানীয় কদমতলি এলাকায় মহাজোটের সভা হয়।

নগরীর অধিকাংশ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। দফায় দফায় মিছিল করেছে যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন। দুপুর ১টা থেকে মহাজোট কর্মীরা উত্তর ও দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করেন।

রাজশাহী: অবরোধ কর্মসূচির প্রথমদিনে রাজশাহীর সাহেব বাজারে মহাজোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেলা ১১টা থেকে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের কর্মীরা সাহেব বাজার জিরো পয়েন্টের সমাবেশস্থলে গান পরিবেশন করে।

জেলার পাটকেল ঘাটায় হামলা-- পাল্টা হামলা ও পুলিশের লাঠিচার্জে জেলা আওয়ামী লীগ সভাপতিসহ ২৫ জন আহত হয়। মহাজোট কর্মীরা স্থানীয় বিএনপি অফিস, কয়েকটি দোকান ও হোটেল ভাংচুর করে।

বেলা সোয়া ১১টার দিকে পাটকেলঘাটার ওভারব্রিজ পয়েন্টে মহাজোটের সমাবেশে বিএনপি কর্মীরা হামলা চালায়। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, উপজেলা (তালা) সভাপতি শেখ নূরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ্বাস, আনসার আলী, আব্দুর রশিদসহ অন্তত  ১০ জন আহত হন। এরপর পুলিশির লাঠিচার্জে আহত হন আরো কয়েকজন মহাজোট কর্মী। তাদের পাল্টা হামলায় শহিদুল ইসলামসহ বিএনপিরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সাভার: নবীনগরে ঢাকা-- আরিচা মহাসড়কে পিকেটাররা অন্তত ৫০টি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ও র‌্যাব টহল শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শহরে দোকানপাট বন্ধ রয়েছে।

সাতক্ষীরা: তালা উপজেলার পাটকেলঘাটায় মহাজোট ও চারদলীয় জোটের নেতা-- কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য বিশ্বাস জাহাঙ্গীরসহ উভয় জোটের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মীরা রোববার দুপুর ১২ টায় পাটকেলঘাটা বিএনপি অফিসসহ কয়েকটি দোকান ভাংচুর করে। 

এদিকে পাটকেলঘাটা সদরে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সব দোকানপাট বন্ধ রয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি প্রকৌশলী মুজিবুর রহমানের নেতৃত্বে দুপুর ১২টায় সাতক্ষীরা -- খুলনা সড়কের পাটকেলঘাটা ব্রিজের ওপর সড়ক অবরোধ করেন মহাজোটের নেতা-- কর্মীরা। এসময় ছাত্রদলের সাবেক সভাপতি বদরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান ও মন্টুর নেতৃত্বে কয়েকজন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-- কর্মীরা হামলা চালায়।

নারায়ণগঞ্জ: পুলিশ, বিডিআর ও র‌্যাবের সতর্ক পাহারায় সকাল থেকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা--কর্মীরা নারায়ণগঞ্জে মিছিল--সমাবেশ করে।

সকাল ১০ টার দিকে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম ওসমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলামের নেতৃত্বে কয়েকশ’ নেতা-- কর্মী চাষাড়া রেল স্টেশনে নারায়ণগঞ্জগামী একটি ট্রেন থামিয়ে দেয়। তারা পুরনো স্লিপার দিয়ে  রেল লাইনে অবরোধ সৃষ্টি করে। পরে পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে একদল পুলিশ স্লিপারগুলো সরিয়ে ফেলে।

ভোলা: ভোলার বাংলাবাজারের কাছে রোববার মহাজোট কর্মীরা পিকেটাররা দুটি বাস ভাংচুর করে। এ ঘটনায় বাসের চালকসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এরপর থেকে ভোলার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পটুয়াখালী: ঢাকাসহ ৩৫টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মহাজোট কর্মীরা পটুয়াখালী -- কুয়াকাটা সড়কের বসাক বাজার ও শাখারিয়ায় সকাল ৯টার দিকে দুটি টেম্পো ভাংচুর করে।

সকাল ১০টায় জেলা যুবলীগ ও জাতীয় পার্টির কর্মীরা শহরের চৌমাথায় পটুয়াখালী-- বরিশাল সড়ক অবরোধ করে মিছিল সমাবেশ করে।

রাজবাড়ী: দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। মহাজোট নেতা--কর্মীরা সকাল থেকেই বড়পুল, পাংশা- গোয়ালন্দ বাসস্ট্যান্ড ও গোয়ালন্দ মোড় অবরোধ করে সমাবেশ করে।

পাংশায় মেইল ট্রেন একঘণ্টা আটকে রাখে পিকেটাররা।

চাঁদপুর: লঞ্চঘাট এলাকায় পিকেটাররা লঞ্চ ও স্টিমারে প্রচুর ইট-- পাটকেল নিক্ষেপ করে। সকাল ৯টার দিকে মহাজোটের নেতাকর্মীরা মিছিল নিয়ে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায় যায়। এ সময় দুটি লঞ্চ রাজদূত--১, ঈগল--২ এবং স্টিমার লেপছা ঘাটে  ভেড়াতে গেলে অবরোধকারীরা তাতে ইট-- পাটকেল নিক্ষেপ করে। এতে স্টিমারের চানালার কাঁচ ভেঙ্গে যায়।