২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলমান সংকট নিয়ে মান্নান ভুঁইয়ার সঙ্গে তিন উপদেষ্টার বৈঠক

তত্ত্বাবধায়ক সরকারের তিন উপদেষ্টা চলমান রাজনৈতিক সংকট নিয়ে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে আলোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 05:22 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

আব্দুল মান্নান ভূঁইয়ার গুলশানের বাসায় এ বৈঠক চলে দুপুর ২ টা ২০ মিনিট থেকে ৩ টা ২০ মিনিট পর্যন্ত।

বৈঠকের পরে তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম সাংবাদিকদের বলেন, “ঈদের পর ‘হ্যালো’ করার জন্যই আমরা এখানে এসেছি। কোনো প্রস্তাব নিয়ে আসিনি। একান্ত শুভেচ্ছামূলক এই আলোচনা সভায় রাজনৈতিক পরিস্থিতিসহ ভাসা ভাসা কিছু আলোচনা হয়েছে। আমরা অন্য কোনও বিষয়ে কথা বলিনি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের কোনও প্রস্তাব নিয়ে কথা হয়নি।”

নির্বাচন পেছানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, “এটা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন।”

বৈঠকে অর্থ উপদেষ্টা ড. শোয়েব আহমেদ ও কৃষি উপদেষ্টা সফিকুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

বৈঠকের পর আব্দুল মান্নান ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।