পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০জন আহত
মহাজোটের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন রোববার শ্যামলী, মগবাজার, মহাখালী, লালবাগ ও রাসেল স্কোয়ারে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। এদিকে পুরো ঢাকা থেকে এ পর্যন্ত শতাধিক গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
দুপুর পৌনে দুইটায় রফিক জামান জানান, আদাবর থানার সামনে থেকে শ্যামলী সিনেমা হল পর্যন্ত দুই তিনশো সেনাসদস্য পুরো রাস্তাটি দখলে নেয়। এসময় অন্তত ২০টা সামরিক ট্রাক ও জিপগাড়ি এখানে ছিল।
অবরোধ সমর্থকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে জবাবে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অন্যদিকে এযাবৎ অন্তত চারটি মোটরযান ভাংচুর ও একটিতে আগুন দেয়া হয়েছে। এছাড়া লালবাগে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে । (আরও তথ্যসহ-৩)
শ্যামলীতে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে আদাবর থানার ভারপ্রাপ্ত কমকর্তা নাসিরউদ্দিন, ডেইলি স্টারের ফটোসাংবাদিক শওকত জামিল, দুই কনস্টেবল হাবিব ও অঞ্জনসহ অন্তত ৩০জন আহত হয়েছে।
নফহবংি২৪.পড়স প্রতিবেদক রফিক জামান জানান, সকাল ১০টার একটু পরে আদাবর ও শেখেরটেকের বিভিন্ন গলি দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শ্যামলী যাওয়ার পথে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। এসব মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও কয়েকশো রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।
অবরোধকারীদের মধ্য থেকে কয়েকজন কিশোরকে আটক করে আদাবর থানায় নেওয়ার পর দুপুর সোয়া একটার দিকে অবরোধ সমর্থকেরা থানা ঘেরাও করে ফেলে। এসময় বেশ কিছু ইট-পাটকেল পুলিশের উদ্দেশে ছোঁড়া হয়। এখন পর্যন্ত আদাবরে সাতজনকে গ্রেপ্তার করে রাখা হয়েছে।
বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল সোয়া দশটায় পুলিশ কাঁটাতারের বেড়া নিয়ে এলে মিছিলকারীরা তা সরিয়ে খণ্ড খণ্ড মিছিল করে গোলাপশাহ মাজার হয়ে মুক্তাঙ্গণে যায়। সোয়া এগারোটায় মিছিলটি রাসেল স্কোয়ারের দিকে রওনা হয়।
দুপুর বারোটায় রাসেল স্কোয়ারে মহাজোটের মিছিলে পুলিশ কয়েক দফা লাঠিপেটা করলে অন্তত ১০জন আহত হয়। এসময় অবরোধ সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ওই মিছিল থেকে ইয়াজউদ্দিনের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবি জানিয়ে আসছিলো।
লালবাগ কিল্লার কাছে পৌনে ১২ টার সময় পরপর কয়েকটি হাত বোমা বিষ্ফেরিত হয় । বেড়িবাধ এলাকায় পুড়িয়ে দেওয়া হয় একটি সিএনজি চালিত অটোরিক্সা।
মহাজোটের ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব-পুলিশ-আনসার-বিডিআর এর পাশাপশি রাজধানীতে বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
এলডিপির নেতা আবদুল মান্নান এর নেতৃত্বে একটি মিছিল বেলা বারোটার একটু পরে মগবাজারে এলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এসময় পুলিশের ছোঁড়া কাঁদানে গ্যাস নিক্ষেপের পর ছুটে পালাতে গিয়ে গিয়ে ৫-৭ জন আহত হয়।
ধানমন্ডি, জিগাতলা, শ্যামলী, মিরপুর ঘুরে আমাদের প্রতিবেদক কৈলাস সরকার রোববার বেলা এগারোটায় জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মূলত সেনাবাহিনীই প্রধান ভূমিকা পালন করছে। রাজধানীর অধিকাংশ স্পর্শকাতর জায়গাগুলোতে সাঁজোয়া গাড়ি ও সমরাস্ত্র নিয়ে টহল দিচ্ছে সেনাসদস্যরা। এছাড়া মিরপুর ইনডোর ষ্টেডিয়ামের গেটসহ কয়েকটি যায়গায় বসানো হয়েছে বাংকার।
নফহবংি২৪.পড়স প্রতিবেদক আনিকা ফারজানা জানান ভোর থেকেই সেনাবাহিনীকে গাড়ি নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থাপনার সামনে পাহারায় রয়েছে সেনা সদস্যরা।
সকাল ৭টায় ঘন কুয়াশায় মধ্যেই ধানমন্ডি --৩২ এ ব্যারিকেড দিয়ে চেকপোস্টে র্যাবের সাথে সেনা সদস্যরা অবস্থান করছিলো।
আপনারা এখানে কেন? আনিকা ফারজানার এ প্রশ্নের জবাবে একজন সেনাসদস্য জানান, “আমরা এখন থেকে আপনাদের সঙ্গেই থাকবো।”
খিলগাঁও, কমলাপুর রেলস্টেশন, কাকরাইল মোড়, আজিমপুর, ধানমন্ডিসহ বিভিন্ন স্থানের রাস্তায় সেনাসদস্যদের গাড়ি তল্লাশি করতে দেখা গেছে।
এদিকে পুলিশ প্রহরায় রাজধানীতে কিছু যানবাহন চলাচল করলেও দুরপাল্লার কোন বাস ঢাকা ত্যাগ করেনি।
এদিকে শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মহানগরীতে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করেছে।
এছাড়া অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরকদ্রব্য, তরবারি, বর্শা, ছুরি, লাঠিসোটা, রড, কাঠ, পাথর ও ইটের টুকরাসহ নিক্ষেপযোগ্য সব কিছু বহন করাও নিষিদ্ধ করা হয়েছে।
