২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত ১০

মহাজোটের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচীর প্রথম দিন রোববার সাভারে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-- পাল্টা ধাওয়ায় ১০ জন আহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 03:17 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সকাল সাড়ে ৯টার দিকে মহাজোট প্রার্থী ও আওয়ামী লীগ নেতা তৌহিদ জং মুরাদের নেতৃত্বে ৭০/৮০ জন নেতাকর্মী নিয়ে ঢাকা-- আরিচা মহাসড়কের তানা বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ মিছিল বের হলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়।

পরে বরিশাল নার্সারির পাশে অবস্থান নেয় মিছিলকারীরা। পুলিশের উপস্থিতিতেই এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা তৌহিদ মুরাদ, ঢাকা  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী, আওয়ামী লীগ নেতা আবদুল হালিম, মাসুদ চৌধুরী, জাতীয় পার্টি (এরশাদ) নেতা বাহাদুর ইসলাম ইমতিয়াজ প্রমুখ।

এদিকে ঢাকা-- আরিচা মহাসড়কে সাড়ে ১০ টার দিকে ইটপাটকেল নিক্ষেপ করে ১০/১২টি গাড়ী ভাংচুর করে অবরোধকারীরা। পুলিশ বহনকারী ঈগল পরিবহনের একটি বাস পিকেটাররা ভাংচুর করতে গেলে গাড়ীতে থাকা পুলিশ সদস্যরা ছুটাছুটি করতে থাকে। এসময় মহাসড়কের পাশে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে বিডিআর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ঢাকা-- আরিচা মহাসড়কের পূর্ব পাশে রাজাসন রোডে পুলিশ ও পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ১০ জন আহত হয়। বেলা পৌনে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান তরফদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলামের উপস্থিতিতে পুলিশ মহাসড়কের পাশে বিভিন্ন গলিতে দাঁড়িয়ে থাকা জনতাকে ধাওয়া করে।

এদিকে নবীনগর-- কালিয়াকৈর সড়কের বাইপাইল স্ট্যান্ডের কাছে যুবলীগ নেতা ফারুক হাসান তুহিনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় মিছিল থেকে পিকেটাররা ইট--পাটকেল নিক্ষেপ করে প্রায় ৬/৭ টি গাড়ী ভাংচুর করে। পরে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। পরে দুপুর ১টার দিকে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এদিকে শনিবার গভীর রাতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করছে। গ্রেফতারকৃতরা হচ্ছে হাবিবুল্লাহ (২০), সানাউল্লাহ (২৫), জিয়া (৩০), শাহীন (২২), মাসুদ রানা (৩০),  আবদুল লতিফ (৪৫), জিয়াউর রহমান জিয়া (২৫), হারুন (২৬), আতাউর (২৫), খন্দকার শাহ্নেওয়াজ ওরফে রনি (২৪), সিদ্দিকুর রহমান (৪৮),  ও সত্য বাবু (৪০)।

এ ব্যাপারে সাভার থানার এস আই মুর্তাজা কবীর জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ কর্মী।