২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমরাস্ত্র নিয়ে রাজধানীতে সেনা টহল

মহাজোটের ডাকা ৭২ ঘন্টা অবরোধের প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব-পুলিশ-আনসার-বিডিআর এর পাশাপশি রাজধানীতে বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 12:42 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ধানমন্ডি, জিগাতলা, শ্যামলী, মিরপুর ঘুরে আমাদের প্রতিবেদক কৈলাস সরকার  রোববার বেলা এগারোটায় জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মূলত সেনাবাহিনীই প্রধান ভূমিকা পালন করছে। রাজধানীর অধিকাংশ স্পর্শকাতর জায়গাগুলোতে সাঁজোয়া গাড়ি ও সমরাস্ত্র নিয়ে টহল দিচ্ছে সেনাসদস্যরা।

শ্যামলীতে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সকাল ১০টার একটু পরে আদাবর--শেখেরটেক হয়ে শ্যামলীতে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশ মিছিলকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে মিছিল থেকে ইট-পাটকেল ছোঁড়া হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়ে।

বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল সোয়া দশটায় পুলিশ কাঁটাতারের বেড়া নিয়ে এলে মিছিলকারীরা তা সরিয়ে  খণ্ড খণ্ড মিছিল করে গোলাপশাহ মাজার হয়ে মুক্তাঙ্গণে যায়। সোয়া এগারোটায় মিছিলটি রাসেল স্কোয়ারের দিকে রওনা হয়।

দুপুর বারোটায় রাসেল স্কোয়ারে মহাজোটের মিছিলে পুলিশ লাঠিপেটা করে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে ওই মিছিল থেকে ইয়াজউদ্দিনের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবি জানিয়ে আসছিলো।

নফহবংি২৪.পড়স প্রতিবেদক আনিকা ফারজানা জানান ভোর থেকেই সেনাবাহিনীকে গাড়ি নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থাপনার সামনে পাহারায় রয়েছে সেনা সদস্যরা।

সকাল ৭টায় ঘন কুয়াশায় মধ্যেই ধানমন্ডি --৩২ এ ব্যারিকেড দিয়ে চেকপোস্টে র‌্যাবের সাথে সেনা সদস্যরা অবস্থান করছিলো।

আপনারা এখানে কেন? আনিকা ফারজানার এ প্রশ্নের জবাবে একজন সেনাসদস্য জানান, আমরা এখন থেকে আপনাদের সঙ্গেই থাকবো।

খিলগাঁও, কমলাপুর রেলস্টেশন, কাকরাইল মোড়, আজিমপুর, ধানমন্ডিসহ বিভিন্ন স্থানের রাস্তায় সেনাসদস্যদের গাড়ি তল্লাশি করতে দেখা গেছে।

এদিকে পুলিশ প্রহরায় রাজধানীতে কিছু যানবাহন চলাচল করলেও দুরপাল্লার কোন বাস ঢাকা ত্যাগ করেনি।

এদিকে শনিবার রাতে অবরোধকে সামনে রেখে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মহানগরীতে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করেছে।

এছাড়া অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরকদ্রব্য, তরবারি, বর্শা, ছুরি, লাঠিসোটা, রড, কাঠ, পাথর ও ইটের টুকরাসহ নিক্ষেপযোগ্য সব কিছু বহন করাও নিষিদ্ধ করা হয়েছে।