অথচ এরশাদকে নিতে খালেদা ছিলেন তৎপর : কাজী জাফর
জাতীয় পার্টি নেতা কাজী জফর আহম্মেদ বলেছেন, এরশাদকে চার দলীয় জোটে যোগ দিতে রাজী করানোর জন্য বিএনপি চেয়ারপর্সন খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানকে একাধিকবার এরশাদের বাড়িতে পাঠিয়েছিলেন। এমন কি, তিনি (খালেদা) নিজেও সাবেক রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছিলেন।
শনিবার বিকেলে দলের বানানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর আহম্মেদল খালেদা জিয়ার সর্বশেষ সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করে বলেন, বিএনপি চেয়ারপারসন এরশাদ সম্পর্কে অসৌজন্যকর মন্তব্য করেছেন।
তিনি বলেন, এরশাদ চার দলীয় জোটে যোগ দিলে খালেদা জিয়ার কাছে তিনি একজন ভালো মানুষ হতেন। অথচ তিনি জাপা চেয়ারম্যানকে চোর অখ্যায়িত করছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় পার্টি (এরশাদ) আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অপর শরিক দলগুলোর সঙ্গে ১০ জানুয়ারি রাজধানীর পল্টনে আয়োজিত মহাসমাবেশে অংশ নেবে।
তিনি আরও বলেন, মহাসমাবেশ থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ‘প্রহসনের নির্বাচন’ প্রতিরোধের জন্য অন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন। পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদও জনসভায় বক্তব্য রাখতে পারেন।
মহাজোটের দেশব্যাপী ৭ ও ৮ জানুয়ারির অবরোধ কর্মসূচি ৯ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
২২ জানুয়ারি দেশে কোন নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়ে তিনি বলেন, “যারা একতরফা নির্বাচন অনুষ্ঠানের স্বপ্নের মধ্যে আছেন, তারা আসলে দিবাস্বপ্ন দেখছেন।”
জাপা নেতা বলেন, “নির্বাচন কমপক্ষে দুই মাস পেছাতে হবে এবং নির্বাচনের একটি নতুন তফসিল ঘোষণা করতে হবে।
সেনাবাহিনী ব্যবহার করে মহাজোটের কর্মসূচি প্রতিহত করার সম্ভবনার ব্যাপারে তিনি বলেন, “আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী জনগণের বিরুদ্ধে যাবে না বলে আমরা নিশ্চিত।”
তিনি বলেন, যেহেতু অবরোধ কর্মসূচি সারা দেশে পালিত হবে, সে কারণে শক্তি প্রয়োগ করে এটা ঠেকানো সম্ভব নয়।
জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “সংসদ বিলুপ্ত হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতার পাশাপাশি সংবিধানের অনান্য বিধিবিধানকেও বিবেচনায় আনতে হবে।”
উদাহারণ হিসেবে তিনি বলেন, সংবিধানের ৫৮ ধারা অনুযায়ী, নির্বাচন অবশ্যই শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হতে হবে। কিন্তু একটি ‘অবৈধ ও ত্র“টিপূর্ণ’ ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন করলে সংবিধানের এই শর্ত পূরণ হবে না বলে তিনি জানান।
মাহমুদ বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সুলতান হোসেন খানকে দূর্নীতি দমন কমিশনের প্রধান করে বিএনপি সংবিধান লঙ্ঘন করেছিল। কিন্তু সংবিধান অনুযায়ী, একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রের কোন লাভজনক পদে চাকুিরর জন্য যোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন না।
অপর এক প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, মহাজোটের দাবি--দাওয়ার পক্ষে জনসমর্থন বাড়ানোর জন্য কেন্দ্রীয় নেতারা ১০--১৫ জানুয়ারি পর্যন্ত বিভাগ ও জেলা সদরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং সভাপতিমন্ডলীর সদস্য জিয়াউদ্দিন বাবলু উপস্থিত ছিলেন।
