সেনাবাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন না: রাষ্ট্রপতিকে জলিল
২২ জানুয়ারির নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যায়িত করে এতে সেনাবাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল।
সেইসঙ্গে আগামী ৭ ও ৮ জানুয়ারির অবরোধে পুরো বাংলাদেশকে স্থবির করে দেওয়া হবে বলেও তিনি ঘোষণা দেন।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এখনও সময় আছে আপনি সরে যান। দেশকে আর রাজনৈতিক সংঘাতের দিকে নিয়ে যাবেন না। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাবেন না।”
অবরোধ কর্মসূচি সফল করতে ঢাকা ও পার্শ¦বর্তী পাঁচ জেলার এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ধানমণ্ডি কার্যালয়ে বৈঠক শেষে আব্দুল জলিল সাংবাদিকদের একথা বলেন।
তিনি আসন্ন নির্বাচন বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের প্রতিও আহবান জানান।
তিনি জানান, অবরোধের দুদিন ঢাকাকে গোটা রাজধানী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। সব সড়ক, রেল ও নৌপথ এবং সব বন্দর বন্ধ থাকবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বাংলাদেশ স্থবির হয়ে যাবে, নড়বে না একচুলও।”
তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দলীয় নেতা -- কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তারা জানতে পেরেছেন, শুক্রবার বিক্ষোভ সমাবেশে আসার সময মিছিলে হামলা করা হবে।
সাংবাদিকদের সামনেই আবদুল জলিল পুলিশের মহাপরিদর্শককে ফোন করে তাদের আশংকার কথা জানান এবং গ্রেপ্তারের নামে হয়রানি বন্ধ করার জন্য অনুরোধ করেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করা হলে রাজনৈতিকভাবেই তার জবাব দেওয়া হবে।”
অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে দেড় ঘন্টা স্থায়ী এই বৈঠক দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রমুখ।
