সাতকানিয়ায় এলডিপি-জামায়াত সংঘর্ষে আহত ২
জেলার সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের গোলাঘাটে এলডিপি ও জামায়াতে ইসলামীর মধ্যে সংঘর্ষে মঙ্গলবার সন্ধ্যায় দুই ব্যক্তি আহত হয়েছে।
আহতদের মধ্যে মোহাম্মদ হারুন (২৮) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলডিপির নির্বাহী সভাপতি অলি আহমদের বুধবার সাতকানিয়া আগমন উপলক্ষে কর্মীরা বিকালে মিছিল বের করে। একই সময়ে জামায়াত কর্মীরা নির্বাচনী প্রচারণা উপলক্ষে মিছিল বের করে। দুদলের মিছিল গোলাঘাট এলাকা মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
সাতকানিয়া থানার এস আই অবনী শংকর জানান, গোলাঘাট এলাকায় সন্ধ্যায় এলডিপি ও জামায়াতের দুটি মিছিল মুখোমুখি হলে দুই পক্ষের কর্মী-সমর্থকরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
তিনি বলেন, “ধাওয়া পাল্টা-ধাওয়ার সময় কেউ অস্ত্র ব্যবহার না করলেও দুই রাউন্ড ফাঁকা গুলি হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছেন।”
তিনি বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। উভয় দল ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছে।
