নির্বাচন বর্জনের সিদ্ধান্তে হতাশ কূটনীতিকরা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের নির্বাচন বয়কটের ঘোষণায় বুধবার হতাশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় কমিশন।
ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “নির্বাচন বয়কটের সিদ্ধান্তে আমরা হতাশ হয়েছি।”
তিনি বলেন, “সহিংসতার ঝুঁকি সম্পর্কে আমরা উদ্বিগ্ন। আশা করি সব দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে তার উপায় খুঁজে পাওয়া যাবে।”
মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেন, “আওয়ামী লীগ ও তার শরীকদের নিয়ে গড়া মহাজোট চলতি মাসে অনুষ্ঠেয় নির্বাচন বর্জনের ঘোষণা দেয়ায় আমরা হতাশ হয়েছি।”
মহাজোটের সর্বশেষ অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এর আগে তাদের যে সিদ্ধান্ত এটি ঠিক তার বিপরীত।
সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তিনি মহাজোটের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে ই-মেইলে পাঠানো প্রতিক্রিয়ায় মার্কিন কূটনীতিক বলেন, “একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ অপরিহার্য বলে আমরা সব সময় মনে করি।”
তিনি বলেন, “নির্বাচনের সময় ঘনিয়ে আসার মুহূর্তে আমরা সংযম প্রদর্শন ও নির্বাচনের জন্য ক্ষতিকর কার্যক্রম থেকে দূরে থাকার জন্য সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি।”
ইওরোপীয় কমিশনের এক মুখপাত্র বলেন, “মহাজোটের এই সিদ্ধান্তের অর্থ হচ্ছে নির্বাচন অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ ইস্যুতে সংশ্লিষ্টপক্ষগুলোকে নিয়ে সমঝোতার উদ্যোগ ব্যর্থ হয়েছে। এর ফলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান মারাত্মক বাধাগ্রস্ত হবে।”
নির্বাচনের সঙ্গে জড়িত সবাই সংকট সমাধানের উপায় খুঁজে বের করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মুখপাত্র বলেন, “ইউরোপীয়ান কমিশন মনে করে বর্তমান পরিস্থিতিতে সব পক্ষ সমাধানের উপায় খুঁজবে এবং এর মাধ্যমে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।”
