চারদলের চূড়ান্ত প্রার্থী তালিকা বুধবার
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা বুধবার প্রকাশ করা হবে।
বনানীর হাওয়া ভবনে মঙ্গলবার সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, তিন শ’ আসনের চূড়ান্ত তালিকা মঙ্গলবার প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বৃহস্পতি ও শুক্রবারের নির্বাচনী সফরসূচি সম্পর্কেও তিনি সাংবাদিকদের অবহিত করেন।
নজরুল ইসলাম বলেন, প্রথম দিন সকালে খালেদা জিয়া ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ ও জামালপুর সদরে দুটি জনসভায় ভাষণ দেবেন। এছাড়া শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ জেলায় ১৪টি পথসভায় বক্তব্য রাখবেন।
পথসভাগুলো হবে শ্রীপুর, ভালুকা, ত্রিশাল, ফুলবাড়িয়া, মুক্তাগাছা, মধুপুর, ঘাটাইল, ভূয়াপুর, সরিষাবাড়ি, শেরপুর, নকলা, ফুলপুর, হালুয়াঘাট ও ডুবাউড়ায়।
দ্বিতীয় দিন তিনি আরও ১৪টি পথসভায় বক্তব্য রাখবেন। পথসভাগুলো হবে গৌড়িপুর, পূর্ব ধরনা, শ্যামগঞ্জ, নেত্রকোনা সদর, কেন্দুয়া, মদন, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, আঠারোবাড়ি, কিশোরগঞ্জ, করিমগঞ্জ, পাকুন্দিয়া, কোটিয়াদি ও বাজিতপুর।
