কখনও সুবিচার পাইনি: এরশাদ
নির্বাচন কমিশন ও দেশের আদালতগুলোতে কখনও সুবিচার না পাওয়ার অভিযোগ করলেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।
সোমবার সকালে রংপুরে নিজের বাসায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ আভিযোগ করেন।
এর আগে তিনি স্থানীয় কালেক্টরেট ময়দানে ঈদের নামাজ আদায় করেন।
জাপা চেয়ারম্যান বলেন, তিনি আগে কখনো সুবিচার পাননি। এবারও তাকে বিচার পাওয়া থেকে বঞ্চিত করা হয়েছে।
বিকেল সোয়া চারটায় এ প্রতিবেদন রচনার সময় রংপুর থেকে ঢাকা ফিরছিলেন এরশাদ।
রাজধানীতে ফিরে তিনি রাত ১০টায় দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন।
প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়ের তার আপিল খারিজ হয়ে যাওয়ার পর উদ্ভূত পরিস্থিতি এবং করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
