২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুইদিনের মধ্যে সংলাপের জায়গা ও সময় নির্ধারণ

বিরোধী দলের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার জন্য বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়ার টেলিফোনের ইতিবাচক জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2006, 03:00 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে তিনি বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়াকে ফিরতি টেলিফোন করে রবিবার বা সোমবারের মধ্যেই আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। এর আগে শুক্রবার সকালে মান্নান ভূঁইয়া আব্দুল জলিলকে ফোন করে আলোচনার প্রস্তাব দেন।

শনিবার ফোনে আলোচনা শেষে দিলকুশার মার্কেন্টাইল ব্যাংক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আবদুল জলিল সাংবাদিকদের জানান, ‘আমি তাকে জানিয়েছি যে তার প্রস্তাব আওয়াসমী লীগ ও ১৪ দল ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সংস্কার বিষয়ে এখন আমরা আলোচনায় বসতে পারি।’

তিনি আরো জানান, ‘ আমরা দুপক্ষই কাল অথবা পরশু (রবিবার বা সোমবার) আলোচনায় বসার ব্যাপারে একমত হয়েছি। তবে সময় ও স্থান আমরা আলোচনা করেই নির্ধারণ করবো।’

আওয়ামী লীগের পক্ষ থেকে আবারো ফোন করা হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল বলেন, ‘ বরফ যখন গলেছে তখন আবার ফোন করতে অসুবিধা কোথায়? প্রয়োজনে আবারো ফোন করবো।’

সংস্কারের কোন প্রয়োজন নেই বলে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে সরকার সরে এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, মান্নান ভুঁইয়া প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেই ফোন করেছেন। তাই এ বিষয়ে বলার আর কিছুই নেই।

আবদুল জলিল বলেন, আলোচনার সাথে বিরোধী দলের আন্দোলন কর্মসূচিও অব্যাহত থাকবে। আলোচনার মাধ্যমে সমঝোতা হলে আন্দোলনের আর কোন প্রয়োজন থাকবে না।

তিনি ফলপ্রসু আলোচনার ব্য্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যে রকম পরিবেশের প্রয়োজন, আমরা তা তৈরি করতে সক্ষম হবো। কারণ আমাদের মতো তারাও এটা চায়।

গত ১২ ফেব্র“য়ারি বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সংসদে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রশ্নে বেশ কিছু প্রস্তাব দিলে প্রধানমন্ত্রীর নির্দেশে দু’দলের মধ্যে চিঠি চালাচালি শুরু হয়। তবে ওই প্রক্রিয়াও এক পর্যায়ে বন্ধ হয়ে যায়।

সর্বশেষ ব্যবসায়ীদের উদ্যোগে দু’দলের মহাসচিব ও সাধারণ সম্পাদক পর্যায়ে আলোচনার প্রস্তাব দেয়া হয়। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক মন্তব্যের পরই শুক্রবার বিএনপি মহাসচিব ফোন করে আলোচনার পথ খুলে দেন।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আগেই সংস্কার প্রশ্নে ইতিবাচক কিছু করার প্রয়োজন হলে তা আগামী ১০ অক্টোবরের মধ্যেই করতে হবে। কারণ ১০ অক্টোবরের পর প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল জলিল কয়েকদিনের জন্য দেশের বাইরে থাকবেন।