২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইল জেলা ও ইউনিয়ন শিশু পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

বিপুল উৎসাহ--উদ্দীপনার মধ্যে দিয়ে শুক্রবার টাঙ্গাইল জেলা ও ইউনিয়ন শিশু পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 09:21 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মোট ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৫৩ টি কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত একটানা এই নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। তবে স্থানীয় গোলযোগের কারণে ভূয়াপুর উপজেলার রুহুলী ও গোবিন্দাসী কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

সূত্র জানায়, নির্বাচনে ১০৮ টি পদে ৪৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে। এতে মোট ভোটারের সংখ্যা ছিলো ৫৪ হাজার ৪০৬ জন।

ভূয়াপুর উপজেলার কোনাবাড়ি ভালকুটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়।

এই কেন্দ্রের চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান সুজন বলেন, নির্বাচিত হলে শিশু অধিকার বাস্তবায়নে কাজ করবো। আর পরাজিত হলেও বিজয়ী প্রার্থীর পাশে থেকে সহযোগিতা করবো।

একই কেন্দ্রের সদস্য প্রার্থী ইতি নিজেও একই অঙ্গীকার নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছে বলে জানায়।

উল্লেখ্য ‘সেভ দ্য চিলড্রেন’ অস্ট্রেলিয়ার সহযোগিতায় স্থানীয় নয়টি সংস্থা এই নির্বাচন পরিচালনা করে। শিশু পরিষদভূক্ত ৭ থেকে ১৮ বছরের সকল সদস্য তাদের পছন্দের প্রার্থীকে প্রত্যক্ষ ভোট প্রদানের মাধ্যমে কমিটি গঠন করবে।

নির্বাচনের পর বিজয়ী ও বিজিত প্রার্থীরা পুনরায় একই মঞ্চে অভিষেক ও শপথ গ্রহণ করবে।