২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শায়খ আবদুর রহমান ও বাংলা ভাই এর সঙ্গে দেখা করতে পারেননি আত্মীয়রা

শুক্রবার সরকারি ছুটি থাকায় জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও তার প্রধান সহযোগী বাংলা ভাই এর ঘনিষ্ট আত্মীয়রা তাদের সঙ্গে দেখা করার অনুমতি পাননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 06:11 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ফলে মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল সংক্রান্ত কাগজপত্র নিয়ে দুই শীর্ষ জঙ্গির সাথে দেখা করতে পারেননি শায়খ আবদুর রহমানের বোন ও বাংলা ভাই এর ছোট ভাই রফিকুল ইসলাম।

উল্লেখ্য, মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিলের সাত দিনের মেয়াদ শেষ হবে ৩০ সেপ্টেম্বর।

ডিআইজি (প্রিজন, ঢাকা ডিভিশন) মেজর সামসুল হায়দার সিদ্দিকী শুক্রবার বিডিনিউজ২৪ডটকমকে জানান, বাংলা ভাই এর ছোট ভাই রফিকুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় কর্তৃপক্ষের সাথে দেখা করে বাংলা ভাইয়ের মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার কথা জানান।

রফিকুল ইসলাম তার ভাই (বাংলা ভাই) এর সাথে দেখার করার অনুমতিও প্রার্থনা করেন বলে তিনি জানান। 

এছাড়া জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও তার ছোট ভাই আতাউর রহমান সানির বোন কারা কর্তৃপক্ষের সাথে দেখা করেছেন বলে মেজর সিদ্দিকী বৃহস্পতিবার বিকেলে জানান। তিনি বলেন, জেএমবি প্রধানের বোন কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন যে শায়খ রহমান ও আতাউর রহমান সানির সাথে আলোচনা করেই তিনি জানাবেন যে তারা আপিল করবেন কি না ।

মেজর সিদ্দিকী বলেন, যেহেতু আজ সাপ্তাহিক ছুটি তাই বাংলা ভাই এর সাথে তার ভাইকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। ফলে আপিল সংক্রান্ত কাগজপত্র নিয়ে বাংলা ভাই এর সাথে তার ভাই রফিকুল ইসলামের দেখা করারও কোন সুযোগ নেই।

“অবশ্য আমরা শায়খ রহমান ও বাংলা ভাই এর কাছে কাগজ সরবরাহ করেছি। যদি তারা আপিল করেন তাহলে সরকারি ছুটি থাকলেও তা আমরা নিজ উদ্যোগে সংগ্রহ করবো এবং যথাযথ কর্তৃপক্ষকে জানাবো,” মেজর সিদ্দিকী জানান।

তিনি বলেন, আশা করছি শনিবার বিকেলের মধ্যে বাংলা ভাই আপিল করবেন।

উল্লেখ্য, মৃত্যুদন্ডপ্রাপ্ত সাত জঙ্গির মধ্যে জেএমবি এর মজলিশ---এ---শূরা (সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ) সদস্য খালেদা সাইফুল্লাহ ও বোমা বিশেষজ্ঞ ইফতেখার আল মামুন মৃত্যুদন্ড কার্যকরের বিরুদ্ধে আপিল করেছেন।

এই দুই জনের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাদের মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দিয়েছে।

অপরদিকে শায়খ আবদুর রহমানের জামাতা এবং জেএমবি এর মজলিশ---এ---শূরা এর অপর সদস্য আবদুল আউয়াল মৃত্যুদন্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন না বলে বুধবার কারা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন।

শায়খ রহমান ও বাংলা ভাই ঢাকার মিরপুরের পাইকপাড়ায় বিশেষ কারাগারে এবং আবদুল আউয়াল ও সানি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

অন্য দুজনের মধ্যে ফারুক হোসেন খান ওরফে খালিদ সাইফুল্লাহ ও ইফতেখার হাসান ওরফে আল মামুন কাশিমপুর জেলে রয়েছেন। ‘গায়েরী এহসার’ সদস্য আসাদুল ইসলাম ওরফে আরিফ পলাতক রয়েছেন।

গত ৩১ আগস্ট সুপ্রিম কোর্ট সাত জঙ্গির ফাঁসির আদেশ নিশ্চিত করে।

এর আগে গত ২৯ মে ঝালকাঠির একটি আদালত ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির সাত নেতাকে মৃত্যুদন্ড প্রদান করে।