২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার প্রস্তাবে শনিবার সাড়া দেবেন জলিল

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার টেলিফোনে দেয়া সংলাপ প্রস্তাব সম্পর্কে ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শনিবার সাড়া দেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 05:23 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মান্নান ভূঁইয়া শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে আব্দুল জলিলকে টেলিফোনে এই সংলাপ প্রস্তাব দেন।

আব্দুল জলিল বলেন, ‘আমি মান্নান ভূঁইয়াকে বলেছি যে আমি তার সংলাপ প্রস্তাবটি প্রথমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সভায় ও পরে ১৪ দলের বৈঠকে উত্থাপন করবো। এরপর এ সব সভার সিদ্ধান্ত শনিবার তাকে জানাবো।’

আব্দুল জলিল গুলশানের বাসভবনে শুক্রবার বিকালে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বিষয়টি নিয়ে এরই মধ্যে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে। তিনি আলোচনার জন্য সবুজ সংকেত দিয়েছেন।

মান্নান ভূঁইয়াকে উদ্ধৃত করে আব্দুল জলিল বলেন, ‘তিনি আমাকে বলেছেন, (তত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন) সংস্কার নিয়ে আলোচানার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আমি আপনাকে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসার আহ্বান জানাচ্ছি। আসুন, ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা একটি সুন্দর নির্বাচন করি।’

অন্যদিকে স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া শুক্রবার বিকালে তার বেইলী রোডের বাসভবনে এ ব্যাপারে পৃথক এক প্রেস ব্রিফিং এর আয়োজন করেন।

মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘আব্দুল জলিলকে টেলিফোন করার পর আমি আশা করছি, এ ব্যাপারে তার কাছ থেকে একটি ইতিবাচক সাড়া পাবো। তিনি বলেছেন, আগামীকাল শনিবার তাদের সিদ্ধান্ত জানা যাবে।’

কোনো নির্দিষ্ট বিষয়ে না হলেও দুই নেতার মধ্যে নানা ধরণের রাজনৈতিক বিষয়ে কথা-বার্তা হয় বলে তিনি উল্লেখ করেন।

মান্নান ভূঁইয়া বলেন, আব্দুল জলিল প্রস্তাবে সাড়া দিলে সংলাপে বসার দিনক্ষণ ও স্থান ঠিক করা হবে।