২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময় হলেই টেলিফোন করবো, অন্য কারও কথামতো নয়: মান্নান ভূঁইয়া

সব মহলে উদ্বেগ - উৎকন্ঠা আর আগ্রহ থাকা সত্ত্বেও বৃহস্পতিবার পর্যন্ত বিএনপি মহাসচিব সংলাপের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলকে টেলিফোন করেননি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করার পরই মান্নান ভুঁইয়া টেলিফোন করতে পারেন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর থেকে ফিরেই তার ক্যান্টনমেন্টের বাসায় মান্নান ভূঁইয়াকে ডেকে পাঠান বলে জানা গেছে। তারা দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। কিন্তু কবে নাগাদ টেলিফোন করা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

তবে মান্নান ভূঁইয়া বিডিনিউজকে বলেছেন, ‘সময় হলেই আমি টেলিফোন করবো। অন্য কারও কথায় করবো না।’ সুস্থ হয়েই তিনি ফোন করবেন বলে উল্লেখ করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ী নেতারা আবারও তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে।

বিএনপি মহাসচিব এখনো পূর্ণ সুস্থ হননি। প্রতিদিনই দর্শণার্থীদের ভিড় বাড়ছে। মন্ত্রী - প্রতিমন্ত্রী, সাংসদ ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা তার স্বাস্থ্যের খোঁজ-খবর নিচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে পাকিন্তানের হাইকমিশনার আনোয়ার কামালও বেইলি রোডে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে দেখা করে তার আশু আরোগ্য কামনা করেন।  

এদিকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা প্রধান দুই দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের মধ্যে বৈঠকের জন্য তৎপরতা চালালেও দুই দলের সিনিয়র নেতাদের অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

একাধিক সরকার দলীয় সাংসদ ব্যবসায়ীদের উদ্যোগকে স্বাগত জানালেও তাদের অতিরিক্ত তৎপরতাকে ভাল চোখে দেখছেন না।