প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে আ.লীগের প্রশ্ন অন্তর্ভুক্ত হয়নি
বর্তমান অষ্টম জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তাদের একটি প্রশ্নও অন্তর্ভুক্ত করা হয়নি বলে প্রধান বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা অভিযোগ করেছেন।
বিরোধী দলীয় উপনেতা আবদুল হামিদ বিডিনিউজকে বুধবার একথা জানান।
চলতি ২৩ তম অধিবেশনে আজ বুধবার তৃতীয়বারের মতো স্পিকার জমিরউদ্দিন সরকার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব স্থগিত করে দেন।
উল্লেখ্য প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বের বুধবারই ছিল শেষ দিন।
কার্যবিধি অনুযায়ী সংসদ চলাকালে প্রতি বুধবার প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্ব নির্ধারিত থাকে। তবে স্পিকার তার ক্ষমতাবলে তা স্থগিত করতে পারেন। প্রধানমন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করতে সপ্তম সংসদ থেকে এই পর্ব চালু করা হয়। আওয়ামী লীগ সংসদে যোগ দেওয়ার পর কিছুদিন প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে উপস্থিত থাকলেও পরে তারা এই পর্ব বয়কট করতে শুরু করে।
বিরোধী দলীয় উপনেতা আবদুল হামিদ বিডিনিউজকে বলেন, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব একটি ‘পাতানো খেলা’। আমাদের একটি প্রশ্নও স্পিকার গ্রহণ করেননি। এমনকি সম্পূরক প্রশ্ন করার সুযোগ পর্যন্ত আমাদের সাংসদদের দেওয়া হয়নি। তাই আমরা এই প্রশ্নোত্তর পর্ব বয়কট করেছি।
এ বিষয়ে স্পিকার জমির উদ্দিন সরকার বিডিনিউজকে বলেন, ‘তাদের প্রশ্ন যে অন্তর্ভুক্ত করা হয়নি সে ব্যাপারে তারা আমার দৃষ্টি আকর্ষণ করেননি। তাছাড়া, তারা তো প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে আসেন না। তাই তাদের প্রশ্নগুলো আমি গ্রহণ করিনি’।
স্পিকারের এই অভিযোগ অস্বীকার করে আবদুল হামিদ বলেন, ‘এ ব্যাপারে আমরা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এমনকি এর প্রতিবাদে আমরা ওয়াকআউট পর্যন্ত করেছি। কিন্তু কোন কাজ হয়নি’।
বিরোধী দলীয় উপনেতা আরও বলেন, আওয়ামী লীগ সাংসদদের প্রশ্ন নেওয়া হয়নি কারণ, প্রধানমন্ত্রী আমাদের অনেক প্রশ্নের জবাব দিতে পারবেন না বা তিনি লজ্জিত হতে পারেন। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর যে ‘পাতানো’ তার প্রমাণ পাওয়া যায় যখন তিনি সম্পূরক প্রশ্নের উত্তর দেন লিখিত কাগজ থেকে।
আবদুল হামিদ প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী যদি আগে থেকে প্রশ্ন না-ই জানবেন তাহলে উত্তর আগে থেকে লিখে আনেন কীভাবে?
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর জন্য গৃহীত প্রশ্নের উত্তর তিনি লিখিতভাবে জবাব দিয়ে তা সংসদে পড়ে শোনান। উত্তর শেষ হওয়ার পর সংশ্লিষ্ট প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে সাংসদদের সুযোগ দেওয়া হয় প্রধানমন্ত্রীকে তৎক্ষণাৎ একটি প্রশ্ন করার।
