অধ্যাপক আফতাবের উপর আক্রমণের দায়ে ছয়জন চিহ্নিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আফতাব আহমাদের উপর আক্রমণের জন্য সম্ভাব্য ছয় ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ। তবে পুলিশ সোমবারও এই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
এদিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ড. আফতাব এর শরীরে থাকা দ্বিতীয় গুলিটির অবস্থান নিশ্চিত করা গেছে।
সম্মিলিত সামরিক হাসপাতালের একটি সূত্র সোমবার জানিয়েছে, বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা আফতাব আহমাদের অবস্থা এখন উন্নতির দিকে। সূত্র আরও জানায় তার শারীরিক অবস্থা আরেকটু উন্নত হলে দ্বিতীয় গুলিটি দুই তিন দিনের মধ্যেই বের করা হবে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আখতার মোর্শেফ বিডিনিউজকে বলেন, আফতাব আহমাদকে গুলিবর্ষণকারী তিনজনকে ধরতে ছয় সন্ত্রাসীকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে।
আখতার মোর্শেদের মতে আক্রমণকারীরা সবাই ভাড়াটে খুনী। পুলিশ এখন ড. আফতাবের সম্ভাব্য শত্র“দের একটি তালিকা করছে।
তদন্তকারী কর্মকর্তা আরো জানিয়েছেন, আক্রমণকারীরা এখন তার এলাকার বাইরে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। একারণে অবশ্য দেশের সব পুলিশ স্টেশন ও গোয়েন্দা বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে তিনি নিশ্চিত যে, হত্যার উদ্দেশ্যে ওই আক্রমণ চালানো হয়নি।
