নির্বাচন কমিশন এখনো ভোটার তালিকা ছাপার অনুমতি পায়নি, টাকাও নেই
সংসদ নির্বাচনের দুমাস আগে আগামী নভেম্বরে নির্বাচন কমিশন ভোটার তালিকা ছাপতে চায়। তবে এজন্য এখনো তারা পায়নি প্রয়োজনীয় সরকারি অনুমতি ও অর্থ।
ওয়াকিবহাল কর্মকর্তারা বলছেন, কিন্তু ভোট গ্রহণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনের অন্ততঃ দু মাস আগে এ কাজ করা প্রয়োজন।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের সভাপতিত্বে রোববার নির্বাচন কমিশনাররা এক জরুরি বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার সাংবাদিকদের বলেন, কমিশন নভেম্বরের প্রথম সপ্তাহে ভোটার তালিকা মূদ্রনের কাজ শুরু করতে চাইলেও এ জন্য মন্ত্রিসভার ক্রয় সংক্রান্ত কমিটির অনুমতি এখনো পাওয়া যায়নি। ভোটার তালিকা মূদ্রণের জন্যও অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় টাকা দেয়নি। এ জন্য তারা দরপত্রও আহ্বান করতে পারছে না।
তিনি জানান, বৈঠকে এ বিষয়টি নিয়ে আলোচনা করা ছাড়াও নির্বাচনী কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।
সচিব আরো জানান, ভোটার তালিকা মূদ্রণের কাজে এই মূহুর্তে হাত দিতে না পারায় কিছুটা জটিলতা দেখা দিয়েছে। পুরো বিষয়টি এরই মধ্যে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
আব্দুর রশীদ সরকার স্বীকার করে বলেন, হালনাগাদ করা ভোটার তালিকায় এখনো নারী ও পুরুষ ভোটারের সংখ্যা পৃথক করা হয়নি। তবে এটি করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কমিশন আদৌ হতাশ নয়। কমিশন তার কাজ যথারীতি চালিয়ে যাচ্ছে।
বিরোধী দল প্রায় এক কোটি ভুয়া ভোটারের যে অভিযোগ করেছে সে প্রসঙ্গে সচিব বলেন, এ পর্যন্ত ভুয়া ভোটার সংক্রান্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্দিষ্ট কোনো অভিযোগ পেলে কমিশন সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বছর খানেক ধরে হালনাগাদ করা ভোটার তালিকা তৈরি করতে নির্বাচন কমিশন ব্যয় করেছে প্রায় ৬৯ কোটি টাকা। ভোটার তালিকা মূদ্রন করতে কমিশনের ব্যয় হচ্ছে প্রায় ২০ কোটি টাকা। তারা সরকারের কাছে আরো ১২ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। এই বরাদ্দ পেলে ভোটার তালিকা তৈরিতে মোট খরচ দাঁড়াবে প্রায় ১০১ কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে ২০০৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনী ব্যয় ২০০ কোটি টাকা ছড়িয়ে যাবে।
২০০১ সালে দেশে ভোটারের সংখ্যা ছিলো প্রায় সাড়ে সাত কোটি। গত ৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুসারে এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে ২৯ হাজার ৯৭৮ টি ভোট কেন্দ্র ছিল। সেবার মোট বুথের সংখ্যা ছিল ১ লাখ ৪৯ হাজার ২৮৮টি।
