২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গফরগাঁওয়ের ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, দুর্নীতি ও সরকারি উন্নয়ন কাজে সহযোগিতা করার অভিযোগ করেছেন স্থানীয় নারী সাংসদ খন্দকার নূরজাহান ইয়াসমিন বুলবুল। তিনি সম্প্রতি এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগে লিখিত অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

তবে ইউএনও গৌতম কুমার এ অভিযোগের সত্যতা অস্বীকার করে বিডিনিউজ২৪.কমকে বলেছেন, ‘অভিযোগ তো ২০ টাকা খরচ করলেই যে কেউ করতে পারে। অভিযোগ করার স্বাধীনতা সকলেরই আছে। আমি দোষী কিনা তা তদন্ত সাপেক্ষ।’

অভিযোগে জানা গেছে, ইউএনও গৌতম কুমারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ছাগল প্রকল্পের সনদের নামে বিপুল পরিমাণ অর্থ উৎকোচ হিসেবে আদায় করেছেন। এ ছাড়াও বিভিন্ন সরকারি কাজের জন্য তিনি ঘুষ গ্রহণ, দুর্নীতি ও অনিয়ম করছেন।

গত ১ সেপ্টেম্বর ইউএনও এর নামে চৌকিদারদের অর্থ দেয়ার সময় ঘুষ চাওয়ার অপরাধে ওই অফিসের সহকারি জনতার হাতে লাঞ্ছিত হয়। যা পরে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়।

সাংসদ নূরজাহান ইয়াসমিন অভিযোগে জানান, সাংসদ হলেও তিনি এলাকার উন্নয়ন কাজ পরিদর্শনসহ বিভিন্ন কাজের জন্য ইউএনও তাকে কোন রকম সহযোগিতা করছেন না। ফলে তিনি নিজেকে উন্নয়ন কাজের সাথে সম্পৃক্তও করতে পারছেন না।

ইউএনও তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, কয়েকদিন আগে আমি ছুটিতে থাকাকালে কয়েকজন সন্ত্রাসী অফিসে ঢুকে কোন কারণ ছাড়াই একজন স্টাফকে মারধর করে। তবে এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।