রমজানে জঙ্গিদের ফাঁসির রায় কার্যকর করতে বাধা নেই
আইন অনুযায়ী আর ২৮ দিনের মধ্যে সাত জঙ্গি নেতার ফাঁসি কার্যকর হওয়ার কথা। আর তাহলে রমজান মাসের সাতাশ তারিখের মধ্যে উপযুক্ত সময় বেছে নিয়ে তাদের ফাঁসি কার্যকর করতে হবে।
শনিবার দুপুরে মিরপুরের সাব জেলে আটক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর প্রধান শায়খ আবদুর রহমান তার প্রধান সহকারি বাংলা ভাইকে মৃত্যুদন্ডাদেশ পড়ে শোনানোর পর বিডিনিউজ২৪ডটকম কে এ তথ্য জানান ডিআইজি (প্রিজন্স --- ঢাকা ডিভিশন) মেজর সিদ্দিকুল ইসলাম।
একইসঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কাশিমপুর কারাগার ও রংপুরের জেলে আটক মৃত্যুদন্ডপ্রাপ্ত অপর আসামিদেরও মৃত্যুর পরোয়ানা পড়ে শোনানো হয়।
এদিকে পবিত্র রমজান মাসে সাত জঙ্গি নেতার ফাঁসি কার্যকর করতে ধর্মীয় কোন নিধিনিষেধ নেই বলে জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট ধর্মীয় নেতারা।
পবিত্র রমজান মাসে জঙ্গি নেতাদের ফাঁসি কার্যকর করার ওপর কোন বিধিনিষেধ আছে কিনা সে সম্পর্কে বায়তুল মোকাররমের খতিব মওলানা ওবায়দুল হকের কাছে জানতে চাইলে বিডিনিউজ২৪ডটকমকে তিনি বলেন, রাষ্ট্র বিবেচনা করলে যে কোনদিন যে কোন ফাঁসির আসামির রায় কার্যকর করা যেতে পারে।
ইসলামী ঐক্যজোটের (মিসবাহ) প্রধান আলহাজ মিসবাহুর রহমান জানান, ইসলাম ধর্মে রমজান মাসে ফাঁসির রায় কার্যকর সংক্রান্ত কোন বিধিনিষেধ নেই।
তিনি বলেন, বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল ১৭ রমজান তারিখে। ওই যুদ্ধে ৭০ জন যুদ্ধবন্দির মধ্যে গুরুতর যুদ্ধাপরাধের জন্য নাজার বিন হারস ও অকাবা নামে দুই জনের ফাঁসির রায় কার্যকর করেন ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) রমজান মাসের ১৮ তারিখে।
শায়খ রহমান ও বাংলা ভাই ঢাকার মিরপুরের পাইকপাড়ায় বিশেষ কারাগারে এবং আবদুল আউয়াল ও সানি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অন্য দুজনের মধ্যে ফারুক হোসেন খান ওরফে খালিদ সাইফুল্লাহ ও ইফতেখার হাসান ওরফে আল মামুন কাশিমপুর জেলে। গায়েরী এহসার সদস্য আসাদুল ইসলাম ওরফে আরিফ পলাতক।
কারা সূত্র জানান, সাত দিনের মধ্যে তারা আপিল বা রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করার সুযোগ পাবেন। এই সাত দিনের মধ্যে আপিল না করা হলে কারা কর্তৃপক্ষ মৃত্যু পরোয়ানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে রমজান মাসেই তাদের মৃত্যুদন্ড কার্যকর করতে পারে। এর মধ্যে মৃত্যুদন্ডপ্রাপ্তরা আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন।
গত ৩১ আগস্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেয়া সাত জঙ্গির মৃত্যুদণ্ড নিশ্চিত করেন।
এর আগে গত ২৯ মে ঝালকাঠির একটি কোর্ট ইসলামী জঙ্গি সংগঠন জেএমবির সাত নেতাকে ওই মামলায় মৃত্যুদন্ড দেওয়া হয়।
