পুলিশের পিটুনিতে ৩০জন নেতা-কর্মী আহত
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৩০জন নেতা-কর্মী ১৪ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আহত হয়েছেন। দিনভর বৃষ্টি উপেক্ষা করে মিছিল বার করা বিরোধী দলের নেতা-কর্মীদের রাসেল স্কোয়ার, মহাখালী, মিরপুর এবং মোহাম্মদপুরে পুলিশ লাঠিপেটা করে।
তত্ত্বাবধায়ক ও নির্বাচন কমিশন সংস্কারের দাবিতে বিরোধী ১৪ দলীয় জোট দিনব্যাপী এ হরতালের ডাক দেয়।
মিরপুর রোডের রাসেল স্কোয়ারে পুলিশ সকাল সাড়ে ১০টায় যুব মহিলা লীগের এক মিছিল থামিয়ে দেয়। পুলিশের বাঁধা ডিঙ্গিয়ে নারী-কর্মীরা এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা করে। অন্য একটি মিছিলে পুলিশের হামলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাহাউদ্দিন নাসিমসহ নেতা-কর্মীরা আহত হন।
মহাখালীতে আওয়ামী লীগের মিছিলে দুটি হাতবোমা বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি। সারাদিনই রাজধানীতে যান চলাচল ছিল একেবারে কম। হরতালের পাশাপাশি খারাপ আবহাওয়াও সীমিত চলাচলের অন্যতম কারণ। বৃহষ্পতিবার সারাদিনই নগরীর ফুটপাতে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তবে যানবাহনের অভাবে বেশিরভাগ লোকই বৃষ্টিতে ভিজতে বাধ্য হয়েছে।
১০ দিনের মধ্যে দ্বিতীয় হরতালে বেশিরভাগ স্কুল-কলেজগুলো বন্ধ ছিল। সরকারি ও বেসরকারি দপ্তরগুলোতে উপস্থিতি ছিল অনেক কম।
বিডিআর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং র্যাবসহ অন্ততঃ ১০ হাজার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রাজধানীতে মোতায়েন করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান নফহবংি২৪.পড়স কে বলেন, ভোর থেকেই নগরীর বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাখা হয়েছে।
