২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের অবরোধ: সারাদেশে বিচ্ছিন্ন সংঘর্ষ, ট্রেন চলাচল ব্যাহত, আপডেট

পুলিশের লাঠিচার্জ, টিয়ারসেল নিক্ষেপ, ধাওয়া - পাল্টা ধাওয়া, ইট - পাটকেল নিক্ষেপ, যানবাহন ভাংচুড়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকে বুধবার সকাল ৬ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 07:28 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ১৪ দল এ কর্মসূচি আহ্বান করে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, জামালপুর জেলার জগন্নাথগঞ্জ থেকে ৩৮ নম্বর ডাউন ট্রেন ছাড়লেও ৭টা ২০ মিনিটের মাথায় তা আবার স্টেশনে ফিরে আসে। ২৪১ নম্বর লোকাল ট্রেনটি কিশোরগঞ্জের মানিকখালী স্টেশনে সাড়ে ৭টা থেকে ৮টা ১২ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থেকে পরে ছাড়লেও তা কিশোরগঞ্জ স্টেশনে এসে আটকে যায়।

সূত্র জানায়, পিকেটারদের কারণে প্রায় একই ঘটনা ঘটেছে প্রতিটি রেল স্টেশনেই। ৭৩২ নম্বর, ২৭ নম্বর আপ ও ৭২৮ নম্বর ট্রেন সৈয়দপুর স্টেশনে আটকা পড়ে। খুলনা স্টেশনে এসে আটকে যায় ৭২৭ নম্বর রূপসা ট্রেনটি। লালমনিরহাট ডিভিশনের ৪৯৯ নম্বর লোকাল ট্রেনটি বোনারপাড়া স্টেশনে আটকা পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার পর সারাদেশে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

এ ছাড়া অবরোধ কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইলসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে।

প্রতিনিধিদের পাঠানো খবর:

নারায়ণগঞ্জ: সকাল সাড়ে নয়টার দিকে নেতা কর্মীরা ঢাকা - সিলেট মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এসময় বিক্ষুব্ধ জনতা রাস্তায় গাড়ির টায়ারে অগ্নিসংযোগ করে। দুপুরে একদল পুলিশ মিছিলকারী নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করলে আন্দোলনকারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।

নওগাঁ: জেলা আওয়ামী লীগ অফিসের সামনে, মুক্তির মোড় এবং তাজের মোড়ে ১৪ দলের নেতাকর্মীরা প্রধান সড়ক অবরোধ করে রাখে। এর ফলে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। জেলা আওয়ামী লীগ অফিসের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল মালেক, ইসরাফিল আলম, রফিকুল ইসলাম, খোদাখান পিটু প্রমুখ। পুলিশ ১৪ দলের ৮/১০জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বলে নেতৃবৃন্দ দাবী করেছে।

টাঙ্গাইল: বিক্ষুদ্ধ কর্মীরা তিনটি ট্রাক, দুইটি টেম্পু ও দুইট মোটর সাইকেল ভাংচুর করে। এসময় দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আতাউর রহমান খান,  আলমগীর খান মেনু, ফারুখ আহমেদ, জোয়াহেরুল ইসলাম, কাজী অলিদ ইসলাম, মাসুদুর রহমান সিদ্দিকী প্রমুখ।

জয়পুরহাট: রাজশাহী - চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটে সাড়ে ১০ টায় এসে পৌঁছালে ১৪ দলের নেতাকর্মীরা ট্রেনটি অবরোধ করে রাখে। এর ফলে খুলনা –পার্ব্বতীপুরগামী, লালমনিরহাট - রাজশাহীগামী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া সকাল ৮ টায় হিলি - বগুড়া মহাসড়কের পাঁচুর মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখলে বগুড়া - হিলি, জয়পুরহাট - নওগাঁসহ সকল রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া: জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের পইরতলা রেল ক্রসিং এ ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা - সিলেট রেলপথে অবরোধ সৃষ্টি করলে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। পুলিশের সহায়তায় ট্রেন চালুর উদ্যোগ নিলে অবরোধকারীদের সাথে পুলিশের কয়েক দফা ধাওয়া - পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়। ব্রাহ্মণবাড়িয়া - নবীনগর - ভৈরব নৌপথেও নৌ চলাচল অবরোধ করে রাখা হয়।

যশোর: জেলা নেতৃবৃন্দ ঘোষিত যশোর শহরের ৪টি প্রবেশ মুখ রাজারহাট, চাঁচড়া, চুড়ামনকাঠি ও খাজুরা স্ট্যান্ডে অবরোধের স্পট ছিল। সকাল থেকে বৃষ্টির কারণে নেতাকর্মীদের উপস্থিতি ছিল খুব কম। বেলা ১১ টার দিকে যশোর - ঝিনাইদহ সড়কের চুড়ামনকাঠি এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিএনপি কর্মীদের মৃদু সংঘর্ষে ১৫/১৬জন আহত হন।

এদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন, সেক্রেটারি রমজান আলীসহ ৪ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা থেকে বেনাপোলগামী কমিউটার ট্রেন সকালে স্টেশন ত্যাগ করে। খুলনা থেকে রাজশাহীগামী রূপসা এক্সপ্রেসটি দৌলতপুরে অবরোধের মুখে পড়ে বলে যশোর রেল স্টেশন সূত্রে জানা যায়। 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ রেলস্টেশনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন ঠাকুর, এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানসহ অন্যান্য নেতৃবৃন্দরা আউটার সিগন্যালের কাছে গাছের গুড়ি ফেলে অবরোধ করলে সকাল ৮ টার দিকে ভৈরব থেকে ২৪১ লোকাল ট্রেনটি তিন ঘন্টা আটকে থাকে। এ ছাড়াও ১৪ দলের নেতাকর্মীরা কিশোরগঞ্জ - ময়মনসিংহ এবং ভৈরব সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে। এ সময় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

রাজশাহী: অবরোধ চলাকালে নগরীর কাসিয়াডাঙ্গা মোড়ে অবরোধ পালনকারীরা তিনটি মিশুক ভাংচুর করেছে। এ সময় নগরীতে কোন ভারী যানবাহন চলাচল করেনি। তবে রিকশা ও মোটর সাইকেল চলাচল করেছে।

অবরোধ চলাকালে নগরীর রেল গেইট এক সমাবেশে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা, ওর্য়াকার্স পার্টির মহানগর সম্পাদক লিয়াকত আলী লিকু, জাসদের মহানগর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী প্রমুখ।

রাজবাড়ী: রাজবাড়ী আউটার সিগন্যালের কাছে সকাল ৭ টার দিকে রেল লাইনের উপর রেলপাত রেখে রেল লাইন অবরোধ করলে কিছুক্ষন পর রেল পুলিশ গিয়ে তা সরিয়ে দেয়। এছাড়া গোয়ালন্দ থেকে পোড়াদহ বাজার রেলওয়ে স্টেশনে অবরোধকারীরা আধা ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় দৌলতদিয়া থেকে পাটুরিয়াগামী কোন লঞ্চ চলাচল করেনি।

গাজীপুর: সকাল ৯ টার দিকে সাংসদ জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে টঙ্গীতে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করে। মিছিলকারীরা টঙ্গী-কালীগঞ্জ সড়কের লেভেল ক্রসিংয়ে অবরোধ সৃষ্টি কররৈ সেখানে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস আটকা পড়ে। অবরোধ কর্মসূচীতে বক্তব্য রাখেন, এডভোকেট আজমত উল্লাহ খান, সাবেক সাংসদ মেহের আফরোজ চুমকী, ফজলুল হক, কাজী ইলিয়াস, গাজীপুর পৌর চেয়ারম্যান আকম মোজাম্মেল হক, শহীদুল্লাহ বাচ্চু, ওয়াজউদ্দিন মিয়া, রফিজউদ্দিন, আলতাফ হোসেন, আকরাম হোসেন, আতাউল্লাহ মন্ডল প্রমুখ।