২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল লাঠি - বৈঠা কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার বিরোধী দলের কঠোর সমালোচনা করে বলেছেন, হরতাল ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে তারা দেশে সাংবিধানিক শূণ্যতা সৃষ্টি করতে চায়।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 10:10 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া বলেন, বিরোধী দল ক্ষমতায় গিয়ে উন্নয়ন করে না। তারা দেশের শান্তি ও নিরাপত্তা দিতে পারে না বলেই জনগণ তাদের সাথে নেই।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আবার ক্ষতায় আসবে। কারণ জোট সরকার দেশকে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ দেশে পরিণত করেছে, তাই জনগণ বিএনপির পক্ষে।

সদর আসনের সাংসদ দেলোয়ার হোসেন খান দুলুর সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ জেলা বিএনপি সভাপতি একেএম মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজরুল হক মনজু এবং জেলা জামায়াত ইসলামী আমীর অধ্যাপক জসিমউদ্দিন।

প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিবরণ দিয়ে বলেন, জোট সরকার দেশের উন্নয়ন ও অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। জনগণের আয় বেড়েছে, বেড়েছে গড় আয়ু এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে।

তিনি বলেন, বিরোধী দল লাঠি - বৈঠা কর্মসূচির নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে।

বিরোধী দলীয় নেত্রীর নাম উল্লেখ না করে তিনি বলেন, মহাসমাবেশে বিরোধী দলীয় নেত্রীর বক্তব্য প্রমাণ করেছে তিনি দেশপ্রেমিক নন। কারণ দেশ প্রেমিক মানুষ কখনো এ ধরনের কর্মসূচি দিতে পারেন না।

প্রধানমন্ত্রী ময়মনসিংহে জোট সরকারের বিভিন্ন উন্নয়নের বর্ণনা দিয়ে ৩০ কোটি টাকা ব্যয়ে বাইপাস সড়ক নির্মাণ কাজ, ব্রহ্মপুত্রের নদীভাঙ্গন ও চরাঞ্চলকে বন্যামুক্ত করতে ১৩ কোটি টাকা ব্যয়ে ২৭ কিলোমিটার বাঁধ নির্মাণ, ময়মনসিংহে গ্যাস সরবরাহ, ৫৫ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে প্রকৌশল মহাবিদ্যালয় স্থাপন, জলাবদ্ধতা নিরসনে ৫৫ কোটি টাকা ব্যায়ের প্রকল্প, ১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার, ৩ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে শিল্পকলা একাডেমী সাংস্কৃতিক কমপ্লেক্স এবং ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পুলিশ ব্যারাক স্থাপনের কথা উল্লেখ করেন।

এর আগে প্রধানমন্ত্রী ময়মনসিংহে পৌঁছে জেলা জজ আদালতের নতুন ভবন, মা ও শিশু হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালকে ৫ শ থেকে ১ হাজার শয্যায় উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন করেন।

এ ছাড়া তিনি টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে সশস্ত্রবাহিনীর দরবার অনুষ্ঠানেও যোগ দেন।

এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে ময়মনসিংহ মঙ্গলবার মিছিলের নগরীতে পরিণত হয়। ময়মনসিংহ সদরসহ আশেপাশের নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশীরা প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে নিজ নিজ পক্ষে ব্যাপক শোডাউন করে।