২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ‘আনসিভিলাইজড’: সাকা চৌধুরী

প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী মঙ্গলবার প্রচলিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ‘আনসিভিলাইজড’ হিসেবে উল্লেখ করে বলেন, এ ব্যবস্থার মাধ্যমে রাজনীতিবিদদের হেয় করা হয়েছে। মানুষের কাছে রাজনীতিবিদদের ছোট করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 11:06 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

তিনি বিরোধী দলের আন্দোলনের সমালোচনা করে বলেছেন, বিরোধী দলকে আন্দোলন আর লাঠিসোটা নিয়ে ঢাকায় আসতে হবে না, লাঠিসোটা নিয়ে নিজ নির্বাচনী এলাকার ভোট কেন্দ্র পাহারা দিলেই চলবে। জনগণ যদি ভোট দেয়, তাহলে নির্বাচন কমিশন বা তত্ত্বাবধায়ক সরকার কিছু করতে পারবে না।

সংসদ ভবনে তার কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

সাকা চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন ‘চৌকিদার’। নির্বাচিত সরকার ক্ষমতা আসার আগ পর্যন্ত দেশ পরিচালনাই তাদের কাজ। এর বাইরে তাদের কোনও কাজ নেই।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে কেএম হাসানের বিকল্প অন্য কোনও অপশন নেওয়া হবে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানের ভেতরে যা কিছু আছে তার সবগুলোই বিবেচনায় আসতে পারে, তবে সবকিছুই হবে সংবিধান অনুযায়ী। এ সরকারের সময়ে সংবিধান সংশোধনের কোনও সম্ভাবনা নেই।

তিনি নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার সংস্কার প্রশ্নে বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে বলেন, সরকারের মেয়াদ আর মাত্র মাস খানেক বাকি আছে। রোজার এই সময়ে এখন আর আন্দোলনের কোনও প্রয়োজন নেই। এ সময়ে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি বিরোধী দলের জনসমর্থন কমবে, কারণ এসবের মাধ্যমে স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাবে।

তিনি বিরোধী দলের দাবি প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলের পক্ষ থেকে আমাদের কাছে কোনও দাবি নিয়ে দরখাস্ত করা ‘বেইজ্জতি কারবার’। তারা তো ওয়ার্কার্স পার্টি নয়। সংস্কারের প্রয়োজন হলে তারা তা করতে পারত। আমরা তো আওয়ামী লীগের এজেন্ডা বাস্তাবায়নের জন্য ক্ষমতায় আসিনি। আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে উভয় দলকেই আলোচনায় বসতে হবে। কারণ উভয়পক্ষের সমঝোতা না হলে নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের প্রয়োজনেই সমঝোতা হতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের সময় সমঝোতা হবে।

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার অসুস্থতার সময়ে সংলাপের ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হবে কি না, এ প্রসঙ্গে তিনি বলেন, মহাসচিব ২৮ অক্টোবরের আগে না ফিরলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই উদ্যোগ নেবেন।