প্রয়োজন থাকলে আওয়ামী লীগ কেন সংস্কার করেনি - - সংসদে আইনমন্ত্রী
আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের বিষয়ে বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে মঙ্গলবার জাতীয় সংসদে বলেছেন, সংস্কারের প্রয়োজন থাকলে যখন তারা ক্ষমতায় ছিলেন তখন কেন সংস্কার করেননি।
তিনি বলেন, এখন সরকারের শেষ সময়ে এসে এ বিষয়ে আলোচনা হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে তখন দুপক্ষই সমান থাকব। তখন এ বিষয়ে আলোচনা হলেও হতে পারে।
সংসদে মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার, আওয়ামী লীগের সমাবেশে আগন্তুকদের বাধা দেওয়া, সংবিধান ‘ছিন্নভিন্ন’ ইস্যুতে আলোচনায় অংশ নেন মওদুদ আহমদ।
স্পিকার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে আওয়ামী লীগের সাংসদ আব্দুর রাজ্জাক মহাসমাবেশে আসতে নেতাকর্মীদের বাধা দেওয়ায় সরকারের সমালোচনা করেন।
জবাবে প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল মহাসমাবেশে বিরোধী দলের নেতার দেওয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, ২৭ অক্টোবর ক্ষমতা হস্তান্তরের পর আপনারা যখন বাঁশের লাঠি নিয়ে ঢাকায় আসবেন, তখন দেশের মানুষ হাতে চুড়ি পরে বসে থাকবে না।
আওয়ামী লীগের সাংসদ আব্দুস শহীদ বিএনপির বিরুদ্ধে সংবিধান ছিন্নভিন্ন করার অভিযোগ এনে বলেন, ১৯৭২ সালের সংবিধান ছিল একটি মডেল। কিন্তু পরের সরকারগুলো এটিকে ছিন্নভিন্ন করেছে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘নো রিফর্ম নো ইলেকশন’।
তার জবাবে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, রমজানের আগে বিরোধী দলের আন্দোলন, হরতাল ও অবরোধের কারণে জিনিসপত্রের দাম বাড়বে। আমরা দোষ করলে আমাদের ওপর প্রতিশোধ নিতে পারে, কিন্তু জনগণের পওর তারা কিসের প্রতিশোধ নিতে চায়?
যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, আওয়ামী লীগের আমলেই সংবিধান কাটাছেঁড়া হয়েছে। তাদের সময়েই সংবিধান ছিন্নভিন্ন করা হয়েছে। সংবিধান সংশোধন করে বিএনপি এর ‘ইন্টেগ্রিটি’ রক্ষা করেছে বলে তিনি উল্লেখ করেন।
পরে আওয়ামী লীগের আখম জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচন কমিশন সংবিধান লঙ্ঘন করে তফসিল ঘোষণার আগেই ভোটকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। তিনি এ ব্যাপারে তথ্যপ্রমাণ তুলে ধরেন।
তবে আইনমন্ত্রী আখম জাহাঙ্গীরের তুলে ধরা তথ্যপ্রমাণকে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা বলে উল্লেখ করেন।
