বিরোধী দলের কর্মসূচিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ঘোষিত দু দিনব্যাপী কর্মসূচির প্রাক্কালে রাজধানীতে চাপা উত্তেজনা বিরাজ করছে।
বিরোধী দলীয় জোট বুধবার দেশব্যাপী রেল ও সড়ক পথ অবরোধ এবং বৃহস্পতিবার দিনব্যাপী হরতাল কর্মসূচির ডাক দিয়েছে।
বিরোধী দলের ডাকা এ কর্মসূচি চলাকালে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে নগরবাসী আশংকা করছেন। কারণ সরকার ও বিরোধী দল এখন পর্যন্ত সংস্কার ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার দাবির বিষয়ে একমত হতে পারেনি।
সরকার এখন পর্যন্ত বিরোধী দলের দাবি প্রত্যাখান করে আসছে এবং বিতর্কিত সাবেক বিচারপতি কেএম হাসানের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়েও তারা দৃঢ়প্রতিজ্ঞ। এ বিষয়ে আওয়ামী লীগ ও বিরোধী জোট পরিস্কারভাবেই সরকারের সাথে রশি টানাটানিতে লিপ্ত হয়েছে।
এদিকে সম্ভাব্য যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার রাজধানী ও কূটনৈতিক পাড়াসহ দেশব্যাপী কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
যে কোনরকম নাশকতা নস্যাত করতে সরকারের এলিট বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা বিশেষ করে কূটনৈতিক পাড়াসহ রাজধানীর বিভিন্ন এলাকায় কড়া টহল দিচ্ছে এবং নগরীর ভেতর ও বাইরেসহ প্রবেশ পথগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপরদিকে বিরোধী দলের কর্মসূচির কারণে অঘোষিত চার দিনের ছুটি কাটাতে সোমবার রাত থেকেই হাজার হাজার নগরবাসী রাজধানী ত্যাগ করা শুরু করেছেন। বুধ ও বৃহস্পতিবার বিরোধী দলের কর্মসূচি এবং শুক্র ও শনিবার সরকারি ছুটির কারণে চার দিনের এই অঘোষিত ছুটি সৃষ্টি হয়েছে। রাজধানী ত্যাগকারী অনেকেই একে বিরোধী দলের উপহার হিসেবে উল্লেখ করেন।
এমনই একজন বরিশালের গৌরনদীতে জন্মগ্রহণকারী উন্নয়ন কর্মী গোলাম মোর্শেদ সোমবার রাতে অঘোষিত ছুটির কারণে হানিফ পরিবহনের একটি বাসে রাজধানী ত্যাগ করছিলেন।
তিনি প্রশ্ন করেন, ‘চার দিনের ছুটি পেয়েছি, কাজেই টাকা খরচ করে কেন রাজধানীতে থাকবো?’
উল্লেখ্য আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট দীর্ঘদিন যাবত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার এবং একই সাথে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অপর তিন নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে আসছে। তারা আগামী তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা হিসেবে সাবেক বিচারপতি কেএম হাসানের নিয়োগকেও প্রত্যাখান করে আসছে।
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছর মেয়াদী সরকারের মেয়াদ আগামী ২৮ অক্টোবর শেষ হবে। এরপর একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা গ্রহণ করার কথা রয়েছে এবং তারা পরবর্তী ৯০ দিনের মধ্যে নবম সাধারণ নির্বাচনের আয়োজন করার কথা।
