২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বৈরাচারকে যারা ক্ষমতায় বসাতে চায়, তারাও স্বৈরাচার’

স্বৈরাচারকে ক্ষমতার অংশীদার করতে আগ্রহীরাও স্বৈরাচার; তারাও বিশ্ব বেহায়া। শহীদ ডা. মিলনের ৪৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 03:49 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

ডা. মিলনের মা সেলিনা আক্তার বলেন, ১৯৭১ এর ইতিহাস ভুলে যাওয়ার পাপ এখনো আমাদের বহন করতে হচ্ছে। আবারো যদি আমরা ১৯৯০ এর ইতিহাস ভুলে যাই, সেই পাপও আমাদের বহন করতে হবে। তিনি বলেন, এরশাদ সাক্ষাতকারে বলেছেন, দুই বড় দলই তাকে জোটভূক্ত করতে টানাটানি করছে। এটাই নাকি প্রমাণ করে যে তিনি স্বৈরাচার ছিলেন না। এটি কতোবড় মিথ্যাচার। এ সব বিভ্রান্তমূলক বক্তব্য জাতির জন্য সত্যি দুঃখজনক।

ডা. মিলনের মা আরো বলেন, এরশাদ আরো মিথ্যাচার করে বলছেন, নূর হোসেন আওয়ামী লীগকর্মী ছিলেন। আওয়ামী লীগই নাকি তাকে হত্যা করেছে। আর ডা. মিলন নাকি ‘ক্রসফায়ারে’ মারা গেছেন। এর কোনোটিই সত্য নয়। হত্যার উদ্দেশে থ্রি নট থ্রির একটি বুলেট দিয়ে টার্গেট করে ডা. মিলনকে খুন করা হয়েছে।

শহীদ ডা. মিলন সংসদ ‘ফিরে দেখা ৯০ এর গণঅভ্যূত্থান’ শীর্ষক এ বৈঠকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেন, এ সরকার সুবিধাবাদী ও লোভী। এ সুবিধাবাদী অশুভ চক্র যেন নতুন রূপে আবার ক্শতায় না আসতে পারে সেজন্য সজাগ থাকার জন্য ড. কামাল জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আন্দোলন ছাড়া মুক্তির অন্য কোনো পথ সামনে খোলা নেই।

বিশিষ্ট অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, যে স্বৈরাচারকে হটাতে ডা. মিলন জীবন দিলেন সেই স্বৈরাচার এরশাদকে আবার ক্ষমতায় প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, ক্ষমতাসীন সরকার রাজকারদের প্রতিনিধিত্ব করে বলে তারা স্বৈরাচারকে পুনর্বাসিত করতে দ্বিধা করে না।অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ১৯৯০ এর অসমাপ্ত গণ আন্দোলনকে বাস্তবায়িত করার মাধ্যমেই কেবল ডা. মিলনের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করার সম্ভব।

সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ’৯০ এ স্বৈরাচার এরশাদকে ক্ষমতা থেকে হটানো গেলেও কিন্তু স্বৈরাচারী অর্থনীতি -- রাজনীতি কোনোটাই উৎখাত করা যায়নি।

জাসদের (ইনু) সভাপতি হাসানুল হক ইনু বলেন, সময় আসলে যেসব বিচারক এরশাদকে মামলা থেকে অব্যহতি দিচ্ছেন তাদের বিচার করা হবে। তিনি আরো বলেন, এরশাদ প্রত্যক্ষভাবে নূর হোসেন, সেলিম, দেলোয়ার আর ডা. মিলনসহ সব রাজনৈতিক হত্যার হুকুমের আসামী।

গোল টেবিল আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. এমএ মাজেদ। এতে অন্যান্যের মধ্যে অংশ নেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নাট্যকার নাসিরুদ্দীন ইউসুফ বাচ্চু, চিকিৎসকদের নেতা ডা. মোস্তাক হোসেন, ডা. মাহবুবুর রহমান প্রমুখ।