২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেএম হাসান প্রধান উপদেষ্টা হলে ঢাকা অচল করে দেওয়া হবে: হাসিনা

বিচারপতি কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা হলে ঢাকা অচল করে দেওয়া হবে। সোমবার ১৪ দল আহুত এক মহাসমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সরকারকে হুঁশিয়ার করে দিয়ে এ কথা বলেন। এ মহাসমাবেশ থেকে বুধবার দেশব্যাপী অবরোধ ও বৃহষ্পতিবার হরতালের কর্মসূচি ঘোষিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

শেখ হাসিনা সংস্কারের উপর জোর দিয়ে বলেন, দাবি না মানলে যার যা কিছু আছে তা নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেখে নিতে হবে যে এ বিএনপি-জামাত জোট সরকার কী করে টিকে থাকে?

উৎসাহী জনতা এ সময় শেখ হাসিনার উদ্দেশ্যে হাত নেড়ে, করতালি ও শ্লোগান দিয়ে তার প্রতি তাদের সমর্থন জানান।

শেখ হাসিনা বলেন, বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ ও বিএনপি সমর্থিত বিচারপতি কেএম হাসানের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না।

তিনি বলেন, জনগণের ঐকমত্যের ভিত্তিতেই একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। বিচারপতি কে এম হাসানের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “তিনি যদি নিরপেক্ষ হবেন, তাহলে কেনো বিএনপি দলীয় নেতা কর্মী বেষ্টিত হয়ে তিনি মাজারে গেলেন”।

এদিকে সোমবার সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিরোধী দলের হাজার হাজার নেতা, কর্মী ও সমর্থক পল্টন ময়দানে উপস্থিত হন।

পুলিশি বাধা ও সরকারী দলের মদদপুষ্ট সমর্থকদের সম্ভাব্য বাধা উপক্ষো করে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে পায়ে হেঁটে, ভাড়া করা বাসে করে সকাল থেকেই ১৪ দলের  কর্মী ও সমর্থকরা সরকার বিরোধী শ্লোগান দিয়ে পল্টন ময়দানে আসেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনার ও অপর তিনজন কমিশনার এবং তত্ত্বাবধায়ক সরকারের সম্ভাব্য প্রধান কে এম হাসানের কুশপুত্তলিকা বহন করা হয়।