প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও কে এম হাসানের নিরপেক্ষতা নিয়ে সংসদে প্রশ্ন
সংসদ নিয়ে প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও সাবেক বিচারপতি কে এম হাসানের নিরপেক্ষতা নিয়ে আবারো প্রশ্ন তুলেছেন প্রধান বিরোধীদল আওয়ামী লীগের সাংসদ ও বিরোধী দলীয় প্রধান হুইপ আব্দুস শহীদ।
সংসদে রোববার মাগরিবের নামাজের বিরতির পর জিরো আওয়ারে আব্দুস শহীদ এ বিষয়ে জোরালো বক্তব্য তুলে ধরলে স্পিকার মুহম্মদ জমিরউদ্দিন সরকার এটিকে পয়েন্ট অব অর্ডার নয় বলে মন্তব্য করেন। তিনি অন্য কাউকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখার সুযোগ না দিয়ে দিনের অন্য কার্যসূচিতে চলে যান।
আব্দুস শহীদ তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী গতকাল আমার নির্বাচনী এলাকায় বলেছেন, কে নির্বাচনে যাবে, আর কে যাবেন না, তার ধার ধারিনা। নির্ধারিত সময়েই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
অন্যদিকে তিনি এর আগে আরেক জনসভায় দুই প্রধান দলের মহাসচিব ও সাধারণ সম্পাদককে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন।
তিনি বলেন, এখন প্রশ্ন উঠেছে প্রধান মন্ত্রীর কোন বক্তব্যটি সঠিক। তিনি আসলেই সংস্কার চান, কি না?
আব্দুস শহীদ তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী সম্ভাব্য প্রধান কে এম হাসানের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, কেএম হাসান কুমিল্লায় মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারাও ছিলেন।
তিনি আরো অভিযোগ করেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রধানের সাথে কোন দলীয় লোক থাকতে পারে না। আর এটাই প্রমাণ করে তিনি নির্দলীয় বা নিরপেক্ষ ব্যাক্তি নন।
এ সময় সরকরি ও বিরোধী দলের আরো কয়েকজন সাংসদ আলোচনার জন্য ফ্লোর চাইলে স্পিকার তাদের সে সুযোগ না দিয়ে বাতিল নোটিশ নিস্পত্তি শুরু করেন।
