২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধন আর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে বরিশাল সফর করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী খালেদা জিয়া রোববার দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি কীর্তনখোলা নদীর উপর প্রস্তাবিত দপদপিয়া সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 09:50 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এ ছাড়া বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। এর পর এক সমাবেশে তিনি অভিযোগ করেন, বিরোধীরা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের নামে নির্বাচন বানচালের ব্যর্থ চেষ্টা করছে।

এর আগে প্রধানমন্ত্রী একটি হেলিকপ্টারে বরিশালের রহমতপুর বিমান বন্দরে এসে পৌঁছালে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সড়ক পথে একটি গাড়িবহর নিয়ে প্রধানমন্ত্রী সরাসরি জজ কোর্ট কম্পাউন্ডে যান। সেখানে তিনি ৬ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত জজকোর্ট ভবনের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০০ শয্যার হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের ডেফুলিয়ায় প্রস্তাবিত স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫৩ কোটি টাকা।

পরে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবী কীর্তনখোলা নদীর উপর প্রস্তাবিত দপদপিয়া সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ শ ২৩ কোটি টাকা।

প্রধানমন্ত্রী দপদপিয়া থেকে সার্কিট হাউসে এসে ৫ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে সার্কিট হাউজের নবনির্মিত বর্ধিত ভবনের উদ্বোধন করেন।

বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে বিকেল ৫ টায় প্রধানমন্ত্রী নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বলস পার্ক) স্থানীয় বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সমাবেশে খালেদা জিয়া বলেন, বিরোধী দল আজ তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে নির্বাচন দাবি করছে। কারণ তারা জানে আগামীতে জনগণ তাদের ভোট দেবে না। তাই সংস্কারের নামে তারা নির্বাচন বানচালের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। তারা যদি সত্যিকার অর্থে সংস্কার চাইতো তাহলে ক্ষমতায় থাকার সময় তারা তা করতে পারতো।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিরোধী দল ঘেরাও কর্মসূচির নামে দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, বিরোধী দল একের পর এক কর্মসূচি দিচ্ছে। আর সেই কর্মসূচি পালনের নামে তাদের নেতা--কর্মীরা দেশে বিশৃংখলা সৃষ্টি করছে। পাশাপাশি তারা দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিদেশে দেশ সম্পর্কে কুৎসা রটাচ্ছে।

প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ২৫ মিনিটের বক্তব্যে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বরিশাল নিয়ে যে উন্নয়নের বাণী আপনাদের শুনিয়েছিলেন সেগুলো এক এক করে বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বরিশালে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং কীর্তন খোলা নদীর উপর দপদপিয়া সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছি।

তিনি আগামীতে এই উন্নয়নমূলক কাজ শেষ করার জন্য বরিশাল সদর আসন থেকে সিটি মেয়র মজিবর রহমান সরোয়ারকে পুনরায় নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

মেয়রের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, অর্থ প্রতিমন্ত্রী শাহ মো. আবুল হোসাইন, সংস্কৃতি প্রতিমন্ত্রী সেলিমা রহমান, সাংসদ দেলোয়ার হোসেন সাইদী, নাজিম উদ্দিন আলম, আবুল হোসেন খান, মজিবর রহমান তালুকদার, ইসরাত জাহান, মোয়াজ্জেম হোসেন আলাল ও জহির উদ্দিন স্বপন।

এদিকে বরিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচি চলাকালে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার ফটোসাংবাদিকদের সাথে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ফটোসাংবাদিকরা নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে কর্মবিরতি কর্মসূচি পালন করে।