জাতীয় পার্টি এ মুহূর্তে কোনও জোটে যাবে না
তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কোন জোটে যাওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি।
পার্টির সংসদীয় কমিটির বৈঠকে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত হয়। পার্টির বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক দলের ১৭ জন সাংসদের মধ্যে ১৫ জন এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
তবে এইচএম এরশাদের ছোট ভাই জিএম কাদের এবং তাজুল ইসলাম চৌধুরী বৈঠকে ছিলেন না।
সূত্র জানিয়েছে, বৈঠকে জিএম কাদেরের দেওয়া বক্তব্য এবং কার্যক্রমের কঠোর সমালোচনা করা হয় এবং তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
এ ব্যাপারে কাদেরের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে এরশাদ জানান।
কৌশলগত কারণে এখনই কোনও জোট যোগ না দেওয়ার জন্য দলের সংসদ সদস্য ও নেতারা এরশাদকে অনুরোধ জানান।
এ ব্যাপারে জিএম কাদেরের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।
