২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলবাদীরা সরকারের ছত্রছায়ায় প্রশিকায় হামলা ও লুটপাট করছে: প্রশিকা

চারদলীয় জোট সরকারের শরীক জামাত ও এর অভ্যন্তরের অন্যান্য মৌলবাদি গোষ্ঠি সরকারের ছত্রছায়ায় দেশব্যাপী প্রশিকা অফিসে হামলা ও লুটপাট করছে এবং কর্মকর্তা-কর্মচারীদের গ্রেফতার ও তাদের ওপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বেসরকারী সংগঠন প্রশিকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনের প্রশিকার উর্দ্ধতন কর্মকর্তারা এই অভিযোগ করেন।

সরকারী এই নিপীড়নের বিরুদ্ধে তারা উচ্চতর আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রশিকার সমন্বয়কারী আলি আহমেদ টুটুল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিকার সহ-সভাপতি মাহবুব-উল করিম, পরিচালক গিয়াস উদ্দিন পাঠান ও কাজী খাজে আলম এবং আব্দুর রব।

প্রশিকা নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে জামাতের দুই মন্ত্রী এবং ইসলামী ঐক্যজোট নেতা ফজলুল হক আমিনীসহ সরকারের অভ্যন্তরের মৌলবাদি গোষ্ঠিকে সরাসরি দায়ী করে বলেন যে তাদের নির্দেশে ও সরকারী ছত্র-ছায়ায় প্রশিকাবিরোধী তৎপরতা চলছে।

তারা জানান, সারা দেশে তাদের ২০০ শাখা অফিসে হামলা, লুটতরাজ চালানো হয়েছে। এছাড়া শতাধিক অফিস থেকে মোট ১৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রশিকার কর্মকর্তারা বলেন, প্রশিকার রাজনৈতিক আদর্শ আছে, তবে তারা কোন দলীয় লেজুড়বৃত্তি করে না। তারা কখনো কোন রাজনৈতিক দলের সমাবেশে লোকবল সরবরাহ করেন না বলেও অপর এক প্রশ্নের জবাবে জানান।

প্রশিকা কর্মকর্তারা অভিযোগ করেন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশিকার ওপর জুলুম-নির্যাতন শুরু হয়। কারণ, প্রশিকা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন, গণতন্ত্রায়ন, মানবাধিকার বাস্তবায়ন ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে।

কর্মকর্তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের প্রগতিশীল ও গণতন্ত্রের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।