দেড় লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে ইইউ প্রতিনিধি দলের প্রশ্ন (বিস্তারিত)
ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল প্রায় দেড় লাখ রোহিঙ্গার ভোটার তালিকাভূক্তি নিয়ে প্রশ্ন তুলেছে।
নির্বাচন কমিশনের সঙ্গে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া দেড় ঘন্টাব্যাপী বৈঠকে ইইউ এর ছয় সদস্যের প্রতিনিধি দল এই প্রশ্ন তোলে।
বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, ইইউ প্রতিনিধি দল দেশে আশ্রয় নেয়া প্রায় দেড় লাখ রোহিঙ্গা ভোটার তালিকাভূক্ত হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছে। এ বিষয়ে তারা নির্বাচন কমিশনের কাছে জানতে চান।
তিনি বলেন, ‘আমরা প্রতিনিধি দলকে বলেছি, রোহিঙ্গারা যেহেতু মিয়ানমারের নাগরিক, তারা কোনোভাবেই ভোটার তলিকাভূক্ত হতে পারে না। কারণ ভোটার তালিকাভূক্ত হলে তাদের এ দেশের নাগরিকত্ব দাবি করার বিষয় এসে যায়’।
সচিব বলেন, ‘আমরা তাদের এও বলেছি যে, এ সংক্রান্ত কোনো নির্দিষ্ট অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে সেইসব নাম ভোটার তালিকা থেকে বাদ দেবো’।
তিনি স্বীকার করে বলেন, ‘রোহিঙ্গা পুনর্বাসন সেলের সাবেক কর্মকর্তা হিসেবে আমি জানি, প্রচুর সংখ্যক রোহিঙ্গা চট্টগ্রাম অঞ্চলের ভাষা ও সংস্কৃতি রপ্ত করে এ দেশের মানুষের সঙ্গে মিশে গেছে। তাদের মধ্যে কে রোহিঙ্গা আর কে বাঙালি তা চিহিৃত করা একটি দূরূহ কাজ। তাই নির্দিষ্ট করে বলাও যাচ্ছে না ভোটার তালিকার মধ্যে আদৌ কোনো রোহিঙ্গা আছে কি না’।
আব্দুর রশীদ সরকার বলেন, ইইউ প্রতিনিধি দল আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করায় আমরা তাদের স্বাগত জানিয়েছি। আমরা তাদের নির্বাচন সংক্রান্ত নানা বিষয়ে তথ্য সরবরাহ করেছি।
ওই বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দলের প্রধান এন্ড্রু ব্র“সও সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়।
বৈঠকের বিষয়ে ইইউ আদৌ সন্তুষ্ট কি না, এন্ড্রু ব্র“স এ প্রশ্নের জবাব এড়িয়ে যান।
ইইউ এর সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ, তিন নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, সম জাকারিয়া এবং মাহমুদ হাসান মনসুর এবং নির্বাচন কমিশনের সচিব আবদুর রশীদ সরকার উপস্থিত ছিলেন।
