কোনও সরকারই এশিয়া এনার্জির সাথে কয়লা উত্তোলন চুক্তি করেনি: সংসদে ঐকমত্য
জাতীয় সংসদে বুধবার দীর্ঘ সময় চলা অনির্ধারিত আলোচনার পর বিএনপির নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ও প্রধান বিরোধী দল আওয়ামী লীগ স্বীকার করেছে যে, আগের কোনও সরকারই এশিয়া এনার্জির সাথে কয়লা খনিজ উত্তোলন সংক্রান্ত কোনও চুক্তি স্বাক্ষর করেনি।
তারা এ ব্যাপারে সম্মত হন যে, ১৯৯৪ সালে বিএনপি সরকার এশিয়া এনার্জির সাথে নয়, অস্ট্রেলীয় কোম্পানি বিএইচপির সাথে প্রি-ফিজিবিলিটি স্টাডি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে। ১৯৯৮ সালের ১১ ফেব্র“য়ারি আওয়ামী লীগ সরকার এশিয়া এনার্জির সাথে অনুসন্ধান সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করলেও খনিজ উত্তোলনের ব্যাপারে কোনও চুক্তি করেনি।
বিএনপি ও আওয়ামী লীগ এই ইস্যুতে তাদের দলের অবস্থান তুলে ধরলে সংসদে এ নিয়ে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট থেকে টানা ৮ টা ১৫ মিনিট পর্যন্ত এ নিয়ে বিতর্ক চলে।
মাগরেবের নামাজের বিরতির পর স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে সংসদ অধিবেশন পুনরায় শুরু হলে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন তাদের নিজ নিজ দলের পক্ষে এ সংক্রান্ত কাগজপত্র উপস্থাপন করেন।
আওয়ামী লীগের সাংসদ সুরঞ্জিৎ সেনগুপ্ত ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করতে সংসদে বক্তব্য দিতে দাঁড়িয়ে সংসদে বিতর্কের সূত্রপাত ঘটান। তার বক্তব্যের সূত্র ধরেই সংসদে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ফুলবাড়ী কয়লাখনি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়।
এক পর্যায়ে বিরোধী দলী নেতা শেখ হাসিনা ফ্লোর নিয়ে বক্তব্য শুরু করেন এবং ১৯৯৪ সালে বিএনপি সরকারের আমলে বিএইচপির সাথে সম্পাদিত চুক্তির কাগজপত্র তুলে ধরেন। তৎকালীন জ্বালানি মন্ত্রী বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন চুক্তির বিনিময়ে কোম্পানিটির কাছে কমিশন দাবি করেছিলেন বলে শেখ হাসিনা অভিযোগ উত্থাপন করেন।
বিরোধী দলীয় নেতার বক্তব্য খণ্ডন করতে ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৯৮ সালের ১১ ফেব্র“য়ারি আওয়ামী সরকার ও এশিয়া এনার্জির মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কাগজপত্র সংসদে উপস্থাপন করেন। অস্ট্রেলিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ওই সময় ঢাকায় এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় বলে ড. খন্দকার মোশাররফ হোসেন জানান।
তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান নিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, তার আগের সরকার অস্ট্রেলীয় কোম্পানি বিএইচপির সাথে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছিল। ওই চুক্তিটি এশিয়া এনার্জির সাথে সম্পাদিত চুক্তির পূর্বগামী ছিল বলে তিনি জানান। সেই চুক্তির ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারকে এশিয়া এনার্জির সাথে চুক্তি স্বাক্ষর করতে হয়েছিল বলে বিরোধী দলীয় নেতা জানান।
তিনি বলেন, বিএনপি সরকার বিএইচপির সাথে চুক্তি না করলে তার সরকারকেও এশিয়া এনার্জির সাথে চুক্তি করতে হতো না।
ড. খন্দকার মোশাররফ হোসেন তার জবাবে সংসদে বলেন, বিএনপি সরকার কিংবা আপনার সরকারÑ কেউই কয়লা উত্তোলনের ব্যাপারে এশিয়া এনার্জির সাথে কোনও চুক্তি স্বাক্ষর করেনি। এশিয়া এনার্জির সাথে তথাকথিত উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ব্যাপারে চুক্তির কথা বলে কিছু স্বার্থান্বেষী মহল জনগণকে বিভ্রান্ত করেছে।
ড. মোশাররফ বিরোধী দলীয় নেতার বক্তব্যের জবাবে আরও বলেন, কোনও প্রকার দরপত্র আহ্বান ছাড়াই আওয়ামী লীগ সরকার অনুসন্ধান চালানোর বিষয়ে চুক্তি করেছিল।
আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আওয়ামী লীগ সরকার অনুসন্ধান চালানোর ব্যাপারে এশিয়া এনার্জির সাথে চুক্তি করেছিল। কয়লা উত্তোলনের ব্যাপারে তারা এশিয়া এনার্জির সাথে কোনও চুক্তি করেনি।
বিরোধী দলীয় নেতার বক্তব্যের আগে সংসদে দাঁড়িয়ে বিএনপির সাংসদ মশিউর রহমান বলেন, কোনও কোম্পানির সাথে বিএনপি সরকার কোনও চুক্তি করেনি। এশিয়া এনার্জির সাথে ১৯৯৮ সালের ১১ ফেব্র“য়ারি ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনে যে চুক্তি সম্পাদিত হয় শেখ হাসিনার ছেলে সে চুক্তির ক্ষেত্রে দালালি করেছেন বলে তিনি অভিযোগ করেন।
